গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৫:৪৫ পিএম

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনারের কাছে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো এক চিঠিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ সিদ্ধান্তের বিষয়টি অবহিত করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও আলোচিত ঘটনাগুলোর বিষয়ে দলীয়ভাবে একটি সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তার বিরুদ্ধে আনা নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, গত ২২ জুলাই (বুধবার) বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন।

পরবর্তীতে সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক অবগতির জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় সাংবিধানিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানানো হয়েছে।

চিঠির একটি অনুলিপি জাতীয় সংসদের স্পিকারের কাছেও পাঠানো হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরপর দলীয়ভাবে অভিযোগের তদন্ত শুরু করে বাংলাদেশ জামায়াতে ইসলামি।

তদন্ত শেষে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে গত ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয় জামায়াতে ইসলামি। সেই সিদ্ধান্তের আনুষ্ঠানিক কপি এবার নির্বাচন কমিশনের কাছেও পাঠানো হলো।

AS
আরও পড়ুন