সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন, তেলাওয়াত ও তাফসির প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।
ইসলামিক বিশ্বের অন্যতম প্রধান এই আয়োজনে চার দশকের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রতিযোগীরাও অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী শায়খ ড. আবদুল লতিফ আলে শায়খ ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সমাপ্তির ঘোষণা দেন।
সৌদি প্রেস অ্যাজেন্সির (এসপিএ) তথ্যমতে, এবারের আসরে বিশ্বের ১৩৩টি দেশ থেকে সর্বোচ্চ ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন, যার মধ্যে ২০২ জন পুরুষ এবং ১৩২ জন নারী ছিলেন।
প্রতিযোগিতায় স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে আধুনিক ইলেকট্রনিক বিচারব্যবস্থা ব্যবহার করা হয়। বিশ্বমানের আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে গঠিত পুরুষ ও নারীদের পৃথক বিচারক প্যানেল প্রতিযোগীদের হিফজ, তিলওয়াতের মান ও তাফসিরের ওপর ভিত্তি করে মূল্যায়ন করেন।
আগামী বুধবার (১৯ আগস্ট) মক্কার মসজিদুল হারামে আয়োজিত জাকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। মোট পাঁচটি ক্যাটাগরিতে নারী ও পুরুষ উভয় বিভাগ থেকে ৫০ জন বিজয়ীকে ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল মূল্যের পুরস্কার প্রদান করা হবে।
মূলত কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং নারী-পুরুষ উভয়কে এর গভীর অধ্যয়নে উদ্বুদ্ধ করাই ছিল এ বছরের মূল লক্ষ্য। গত আট বছরে সৌদি সরকারের বিশেষ উদ্যোগে এই প্রতিযোগিতার পরিধি এবং বিজয়ীদের সম্মাননা বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে।
সূত্র: সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ)