হোয়াটসঅ্যাপ-মোবাইলে গোপন কথা বলতে নিষেধ সাবেক ধর্ম উপদেষ্টার

হোয়াটসঅ্যাপ ও মোবাইলে গোপন কথা বলতে নিষেধ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, মোবাইলে গোপন কথা বললে তা শুধু আল্লাহর কাছেই রেকর্ড হচ্ছে না, মানুষের কাছেও রেকর্ড হয়ে যাচ্ছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ায় জনার কেঁওচিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের সতর্ক করে সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা বলেন, ‘হোয়াটসঅ্যাপ কিংবা মোবাইলে কোনো গোপন কথা বলবে না।’

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনের তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘১১শ টাকা দিলে তিন মাসের কথোপকথন হোয়াটসঅ্যাপে লিখিত আকারে আসবে। আর ১৫শ টাকা দিলে ছয় মাসের।’

তিনি আরও বলেন, ‘তুমি যদি মারাত্মক গোপন কথা বলে ফেলো মোবাইলে, খবরদার। আল্লাহর কাছে তো রেকর্ড হচ্ছেই, বান্দার কাছেও রেকর্ড হচ্ছে।’