বৃষ্টির জন্য শুক্রবার আমিরাতে সব মসজিদে সালাতুল ইস্তিসকা পড়ার আহ্বান

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশটির সব মসজিদে শুক্রবার জুমার নামাজের আধা ঘণ্টা আগে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সালাতুল ইস্তিসকা আদায়ের আহ্বান জানিয়েছেন।

মহানবীর (সা.) সুন্নাহ অনুসরণ করে বৃষ্টি ও আল্লাহর রহমতের জন্য সবাইকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন শেখ মোহাম্মদ।

চলতি বছরের জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতের সব মসজিদে জুমার নামাজের সময় পরিবর্তন করে দুপুর ১২টা ৪৫ মিনিট করা হয়েছে। এর আগে ২০২২ সাল থেকে শারজাহ ছাড়া সব প্রদেশে জুমার নামাজের সময় ছিল দুপুর ১টা ১৫ মিনিট।

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত দেশটিতে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। এ সময় দেশটি অপেক্ষাকৃত শীতল ও আর্দ্র মৌসুমে প্রবেশ করে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, এ বছরের এল নিনো পরিস্থিতি খুব শক্তিশালী। এল নিনো হলো পূর্বাঞ্চলীয় ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের পানির অস্বাভাবিক উষ্ণ হয়ে ওঠার সঙ্গে সম্পর্কিত একটি জলবায়ু পরিস্থিতি। এটিকে উপকারী বৃষ্টিপাতের একটি নির্দেশক হিসেবে বিবেচনা করা হয়।

তবে উপযুক্ত আবহাওয়া পরিস্থিতি তৈরি হলে সংযুক্ত আরব আমিরাতে কোনো কোনো সময়ে ভারী বৃষ্টিও হতে পারে।

সূত্র: খালিজ টাইমস