ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত, বাংলাদেশে কবে?

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পিএম

২০২৬ সালের পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিশ্ববিদ্যালয়ের মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাব। বৈজ্ঞানিক হিসাব-নিকাশ অনুযায়ী, আগামী মে মাসের শেষ সপ্তাহে এই উৎসব পালিত হতে পারে।

শারজাহ মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাবের তথ্যমতে, ২০২৬ সালের ১৭ মে হবে জিলক্বদ মাসের ২৯তম দিন। ওইদিন সন্ধ্যায় আরব আমিরাতের আকাশে জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হবে এবং এর বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট। সূর্যাস্তের পর নতুন এই চাঁদ প্রায় ৫৭ মিনিট ধরে আকাশে অবস্থান করবে। দীর্ঘ সময় আকাশে থাকায় এটি খালি চোখে দেখা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

শারজাহ হাবের পরিচালক প্রফেসর আল নাইমি জানান, যদি ১৭ মে চাঁদ দেখা যায় তবে পবিত্র আরাফাত দিবস (হজ) ২৬ মে (মঙ্গলবার) ও ঈদুল আজহা (আমিরাত) ২৭ মে (বুধবার)।

তবে তিনি স্পষ্ট করেছেন যে, এটি একটি বৈজ্ঞানিক পূর্বাভাস মাত্র। ধর্মীয় রীতি অনুযায়ী সরাসরি চাঁদ দেখার ওপর ভিত্তি করেই সরকার চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।

ভৌগোলিক অবস্থান ও সময়ের পার্থক্যের কারণে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেই হিসেবে যদি আরব আমিরাতে ২৭ মে ঈদ হয়, তবে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ২৮ মে (বৃহস্পতিবার)।

২০২৬ সালের ঈদুল ফিতর বা রোজার ঈদের তারিখও এই জ্যোতির্বিদ্যা সংক্রান্ত হিসাবের মাধ্যমেই প্রায় নির্ভুলভাবে আগাম ধারণা পাওয়া গিয়েছিল। সূত্র: গালফ নিউজ।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত