বায়তুল মোকাররমে ক্বিরাত সম্মেলন বৃহস্পতিবার, প্রধান অতিথি রাষ্ট্রপতি

সাত দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারিদের অংশগ্রহণে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ জোহর থেকে রাত ১০টা পর্যন্ত মসজিদের পূর্ব চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকাতে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও মিশর, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ভারত ও দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারিরা পবিত্র কোরআনুল কারিম তিলাওয়াত করবেন।

সম্মেলনের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ ইউসুফ। সম্মেলনে বিদেশি অতিথি হিসেবে অংশ নেবেন- মিশরের প্রখ্যাত ক্বারি শায়েখ আবদুন নাসের হারাক, আফগানিস্তানের ক্বারি আবদুল কাবীর হায়দারী, পাকিস্তানের ক্বারি আনোয়ারুল হাসান শাহ বোখারি, ইরানের ক্বারি ওয়াহীদ খাজাইয়ী, ভারতের ক্বারি হেদায়াতুল্লাহ ফুরকান রাজস্থানী এবং দক্ষিণ আফ্রিকার ক্বারি ব্যারিস্টার যুবায়ের বারদাই।

বাংলাদেশের পক্ষে তিলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি মাওলানা সাইদুল ইসলাম আসাদ। এছাড়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী হাফেজ ও ক্বারিসহ দেশের খ্যাতিমান ক্বারিরা তিলাওয়াতে অংশ নেবেন। সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধি, দেশবরেণ্য আলেম-ওলামা, শিক্ষাবিদ এবং ধর্মীয় ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন।

সম্মেলনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মিয়া নুর উদ্দীন আহাম্মেদ অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের হাওয়ারিয়্যীন পরিষদের সভাপতি আনোয়ার আলদীন।

সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ ইউসুফ বলেন, এবারের সম্মেলন আন্তর্জাতিক পরিমণ্ডলে পবিত্র কোরআনের তিলাওয়াত, ক্বিরাতশাস্ত্রের সৌন্দর্য ও বাংলাদেশে কোরআনচর্চার ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন- আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি মাওলানা ক্বারি আবু রায়হান এবং নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ দেশে কোরআন শিক্ষা, তিলাওয়াত ও ক্বিরাতশাস্ত্রের প্রচার-প্রসার এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।