বিশ্বের প্রায় সব দেশে পবিত্র রমজান মাস ১৮ বা ১৯ ফেব্রুয়ারি শুরু হলেও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দুই দেশ ফিজি ও নিউজিল্যান্ডে রোজা শুরু হচ্ছে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে। স্থানীয়ভাবে চাঁদ দেখা না যাওয়ায় দেশ দুটির ইসলামিক কর্তৃপক্ষ একদিন পিছিয়ে রমজান শুরুর এই ঘোষণা দিয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাবান মাসের ২৯ তারিখ শেষ হলেও ফিজি ও নিউজিল্যান্ডের আকাশে রমজানের নতুন চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শুক্রবার থেকে রোজা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশনস অব নিউজিল্যান্ড (FIANZ) এবং ফিজি মুসলিম লীগ আলাদা বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও ভৌগোলিক অবস্থানের কারণে ওইদিন সন্ধ্যায় খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে চাঁদ দেখা সম্ভব ছিল না। যেহেতু এই অঞ্চলের ধর্মীয় কর্তৃপক্ষ স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়, তাই নিয়মানুযায়ী শাবান মাস ৩০ দিন পূর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, ভৌগোলিক পার্থক্যের কারণে এবার বিশ্বের বিভিন্ন দেশে তিন ভিন্ন দিনে রোজা শুরু হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। অন্যদিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ওমান ও মিসরসহ এশিয়ার অনেক দেশে রোজা শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি থেকে। আর সর্বশেষ দেশ হিসেবে ২০ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু করছে ফিজি ও নিউজিল্যান্ড।
সিঙ্গাপুর ও ব্রুনেইতে বৃহস্পতিবার থেকে রোজা শুরু
