অন্যকে দিয়ে হজে শয়তানকে পাথর নিক্ষেপ করানো যাবে?

পবিত্র হজের অন্যতম ওয়াজিব বিধান হলো জামারায় কঙ্কর নিক্ষেপ করা। শয়তানকে উদ্দেশ করে হজযাত্রীরা তিনটি স্থানে কঙ্কর নিক্ষেপ করেন। ১০, ১১, ১২ জিলহজ টানা তিন দিন জামারায় কংকর নিক্ষেপ করতে হয়।

প্রত্যেক হাজির জন্য কংকর নিক্ষেপের কাজ নিজেই করতে হয়। তবে ভীড়ের কারণে কিংবা অন্য কোনো শরয়ী কারণে অন্যকে দিয়ে কংকর নিক্ষেপ করাতে পারবে। ইসলামের দৃষ্টিতে অসুবিধা বিবেচিত নয়, এমন কোনো কারণ ছাড়া অন্যের মাধ্যমে রমী করানো জায়েয নয়। শরয়ী কারণ ছাড়া অন্যকে দিয়ে রমী করালে তা আদায় হবে না। এক্ষেত্রে ওই ব্যক্তিকে পুনরায় নিজের রমী করতে হবে। যদি না করে তবে দম ওয়াজিব হবে।

শরয়ী কারণ হল- এমন অসুস্থতা বা দুর্বলতা যার কারণে বসে নামাজ পড়া জায়েয। অথবা অসুস্থতার কারণে জামরাত পর্যন্ত পৌঁছা খুবই কষ্টকর হয় কিংবা রোগ অতিমাত্রায় বেড়ে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে তবে এমন ব্যক্তি অন্যকে দিয়ে রমী করাতে পারবে। (আহকামে হজ ৭৬-৭৭)