যেসব রোগ থাকলে হজের অনুমতি দেবে না সৌদি আরব

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পিএম

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় কঠোর নির্দেশনা জারি করেছে সৌদি আরব।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যারা গুরুতর শারীরিক ও মানসিক অসুস্থতায় ভুগছেন, তারা এ বছর হজের অনুমতি (পারমিট) পাবেন না। একই সঙ্গে সব হজযাত্রীর জন্য নির্দিষ্ট কিছু টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

সৌদি আরবের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানিয়েছে, হজের কঠিন আনুষ্ঠানিকতা পালনে যারা শারীরিকভাবে অক্ষম হতে পারেন, তাদের নিরাপত্তার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, হজযাত্রীদের অবশ্যই এমন সুস্থ অবস্থায় থাকতে হবে যাতে তারা কোনো বড় ধরনের শারীরিক ঝুঁকি ছাড়াই হজের প্রতিটি নিয়ম বা রোকন সম্পন্ন করতে পারেন।

সৌদি কর্তৃপক্ষের তালিকা অনুযায়ী, নিচের শারীরিক অবস্থা থাকলে এবার হজের অনুমতি মিলবে না

  • কিডনির জটিলতা (যাদের নিয়মিত ডায়ালাইসিস প্রয়োজন)।
  • হার্ট ফেইলিউর বা হৃৎপিণ্ডের গুরুতর সমস্যা।
  • লিভার সিরোসিস।
  • জটিল মানসিক রোগ এবং স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়া।
  • বার্ধক্যজনিত চরম শারীরিক দুর্বলতা।
  • গর্ভাবস্থার শেষ তিন মাস চলছে এমন নারী।

টিকা সংক্রান্ত নির্দেশনা

স্বাস্থ্যবিধি অনুযায়ী, সব হজযাত্রীকে হজের অন্তত ১০ দিন আগে মেনিনজাইটিস রোগের টিকা নিতে হবে। এছাড়া উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তি (বয়স্ক ও দীর্ঘমেয়াদী রোগী) এবং অন্তঃসত্ত্বা নারীদের জন্য করোনা ও সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়ার বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। যাদের আগের টিকার মেয়াদ শেষ হয়েছে, তাদের পুনরায় আপডেট ডোজ গ্রহণ করতে হবে।

মূলত বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এবং পবিত্র মক্কায় সমবেত লাখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই সৌদি সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

YA
আরও পড়ুন