আজ রাতের আকাশে দেখা মিলবে ৬ গ্রহের

মহাকাশপ্রেমীদের জন্য আজ এক বিশেষ দিন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সূর্যাস্তের ঠিক পরেই রাতের আকাশে দেখা যাবে এক বিরল মহাজাগতিক দৃশ্য, যাকে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন ‘প্ল্যানেট প্যারেড’ বা গ্রহের শোভাযাত্রা। একই সরলরেখায় সারিবদ্ধভাবে দেখা মিলবে বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন গ্রহের। সাথে বাড়তি সৌন্দর্য যোগ করবে চাঁদ।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এমন দৃশ্য ২০৪০ সালের আগে আর দেখার সম্ভাবনা নেই। তাই আজকের এই সুযোগটি মহাকাশ পর্যবেক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কীভাবে দেখবেন এই দৃশ্য?
আকাশ পরিষ্কার থাকলে সূর্যাস্তের পর প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করা যাবে।
১. খালি চোখে: শুক্র, বৃহস্পতি ও শনি গ্রহকে খালি চোখেই উজ্জ্বল বিন্দু হিসেবে দেখা যাবে।
২. দূরবীন বা টেলিস্কোপ: ইউরেনাস ও নেপচুন গ্রহ দেখার জন্য শক্তিশালী দূরবীন বা ছোট টেলিস্কোপের প্রয়োজন হবে।
৩. অবস্থান: বুধ গ্রহকে পশ্চিম দিগন্তের খুব কাছাকাছি নিচু অবস্থানে দেখা যাবে। বৃহস্পতি থাকবে আকাশের ঠিক বিপরীত প্রান্তে এবং শনি দেখা যাবে শুক্র ও বৃহস্পতির মাঝামাঝি স্থানে।

কেন এই ঘটনা বিরল?
মহাকাশ গবেষকরা জানিয়েছেন, যখন একাধিক গ্রহ আকাশের একটি নির্দিষ্ট ও সংকীর্ণ অংশে কাছাকাছি অবস্থান করে, তখনই তাকে ‘প্ল্যানেট প্যারেড’ বলা হয়। যদিও পৃথিবী থেকে তাদের এক সারিতে মনে হবে, বাস্তবে গ্রহগুলো একে অপরের থেকে কোটি কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। উত্তর গোলার্ধের দেশগুলো থেকে এই দৃশ্য সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে।

এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সাতটি গ্রহ এক লাইনে দেখা গিয়েছিল। আজকের পর ২০৪০ সালের আগে এমন বড় গ্রহসমাবেশ আর ঘটবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।