লিরিড উল্কাবৃষ্টি: আকাশে ঝলমলে আলোর খেলা

রাতের নিস্তব্ধ আকাশে হঠাৎ যেন আলোর ফুলঝুরি। আগুনের মতো উজ্জ্বল আলোর রেখা ছুটে চলেছে দিগন্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। মহাজাগতিক এই মনোমুগ্ধকর দৃশ্যের নাম ‘লিরিড উল্কাবৃষ্টি’, যা প্রতি বছরের মতো এবারও এপ্রিলের আকাশে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, লিরিড উল্কাবৃষ্টি সাধারণত ১৬ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকে। তবে এর তীব্রতা বা ‘পিক আওয়ার’ সবচেয়ে বেশি দেখা যায় ২২ ও ২৩ এপ্রিল। এ বছরও এই নির্দিষ্ট সময়ে উত্তর গোলার্ধের বিভিন্ন প্রান্ত থেকে আকাশপ্রেমীরা এই দৃশ্য উপভোগ করার সুযোগ পেয়েছেন।

সাধারণত লিরিড উল্কাবৃষ্টির সময় ঘণ্টায় ১০ থেকে ১৫টি উল্কা দেখা যায়। তবে বিশেষ পরিস্থিতিতে এই সংখ্যা ১০০ পর্যন্ত পৌঁছাতে পারে। এর মধ্যে কিছু উল্কা এতটাই উজ্জ্বল হয় যে, তা আকাশে শুক্র গ্রহের চেয়েও বেশি দ্যুতি ছড়ায়। লিরিড উল্কাবৃষ্টির নামকরণ করা হয়েছে ‘লাইরা’ নক্ষত্রমণ্ডল থেকে। এটি মূলত ‘কমেট থ্যাচার’ নামক একটি ধূমকেতুর রেখে যাওয়া ধূলিকণা ও ধ্বংসাবশেষ থেকে তৈরি হয়। ৪১৫ বছর পর পর সূর্যকে একবার প্রদক্ষিণ করা এই ধূমকেতুর ইতিহাস প্রায় ২,৫০০ বছরের পুরনো।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, শহরের কৃত্রিম আলো থেকে দূরে কোনো অন্ধকার জায়গায় ভোরের ঠিক আগে এই দৃশ্য সবচেয়ে স্বচ্ছ দেখা যায়। বিশেষ কোনো টেলিস্কোপ বা যন্ত্র ছাড়াই খালি চোখে এই মহাজাগতিক উৎসব দেখা সম্ভব। এ বছর চাঁদের আলো কম থাকায় উল্কা দেখার জন্য আকাশ ছিল বেশ অনুকূল।