আগস্টে ইউরোপজুড়ে দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

২০২৬ সালের ১২ আগস্ট একটি বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটবে, যা ইউরোপের কয়েকটি অংশসহ স্পেন, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড থেকে সরাসরি দেখা যাবে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থাগুলো।

চাঁদ সূর্যকে পুরোপুরি আড়াল করে ফেলায় নির্দিষ্ট সময়ের জন্য দিন অন্ধকারের মতো হয়ে যাবে, যাকে পূর্ণ গ্রহণ বা টোটালিটি বলা হয়। এই অবস্থায় সূর্যের বাইরের বায়ুমণ্ডল বা করোনা খালি চোখে দেখা যাবে।

সূত্র অনুযায়ী, স্পেনের উত্তরাঞ্চল এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পথে থাকবে, যেখানে কিছু এলাকায় কয়েক মিনিটের জন্য সম্পূর্ণ অন্ধকার নেমে আসবে। ইউরোপের বড় অংশ জুড়ে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে, যা অনেক বেশি বিস্তৃত এলাকা কভার করবে।

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এমন গ্রহণ খুবই বিরল এবং একে ঘিরে পর্যবেক্ষণ ও পর্যটনের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে নিরাপদ চশমা ছাড়া সরাসরি সূর্যের দিকে তাকানো বিপজ্জনক বলে সতর্ক করা হয়েছে। সূত্র: দ্য টেলিগ্রাফ