বিশ্বজুড়ে ডিজিটাল কনটেন্ট তৈরির প্রতিযোগিতা যত তীব্র হচ্ছে, ততই দ্রুত, সৃজনশীল ও কার্যকর সমাধানের প্রয়োজন বাড়ছে। সেই চাহিদাকে সামনে রেখে কনটেন্ট ক্রিয়েটর ও বিজ্ঞাপনদাতাদের জন্য নতুন এআইভিত্তিক প্রযুক্তি নিয়ে এসেছে টিকটক। ‘সিম্ফনি এজেন্ট’ নামে এই ক্রিয়েটিভ টুল স্যুটের মাধ্যমে অল্প সময়েই বিজ্ঞাপন ও কনটেন্ট তৈরির পাশাপাশি ক্যাম্পেইন পরিচালনা এবং দর্শকের আগ্রহ বিশ্লেষণের সুযোগ মিলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি ‘কান লায়ন্স ২০২৬’ উৎসবে নতুন প্রযুক্তিটির ঘোষণা দেয় টিকটক। প্রতিষ্ঠানটির দাবি, দক্ষিণ এশিয়ায় ‘সিম্ফনি ক্রিয়েটিভ স্টুডিও’র আওতায় চালু হওয়া এআইচালিত এই চ্যাটবট ডিজিটাল বিজ্ঞাপনের ধরন বদলে দিতে পারে। একটি সাধারণ ধারণা বা সংক্ষিপ্ত নির্দেশনা থেকেই কয়েক মিনিটের মধ্যে আকর্ষণীয় টিকটক বিজ্ঞাপন তৈরি করা সম্ভব হবে, ফলে কনটেন্ট তৈরির সময় ও ব্যয়,দুটিই কমবে।
নতুন এই প্রযুক্তিতে সৃজনশীলতার পাশাপাশি কনটেন্টের নিরাপত্তাকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। এআই দিয়ে তৈরি কনটেন্টে স্বয়ংক্রিয়ভাবে এআই লেবেল যুক্ত থাকবে, কনটেন্টের স্বত্ব সংরক্ষণে থাকবে অদৃশ্য ওয়াটারমার্ক এবং ক্ষতিকর বা নীতিমালাবহির্ভূত কনটেন্ট শনাক্ত ও নিয়ন্ত্রণে থাকবে বিশেষ মডারেশন ফিল্টার। এর মাধ্যমে নিরাপদ ও স্বচ্ছ কনটেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য নিয়েছে টিকটক।
টিকটকের মধ্যপ্রাচ্য, তুরস্ক, আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্য ও দক্ষিণ এশিয়ার গ্লোবাল বিজনেস সলিউশনস বিভাগের জেনারেল ম্যানেজার সাদি কান্দিল বলেন, টিকটকের মূল শক্তিই হলো সৃজনশীলতা। এজেন্টিক এআইয়ের মাধ্যমে ব্র্যান্ডগুলো এখন আরও দ্রুত দর্শকের পছন্দ-অপছন্দ বিশ্লেষণ, সৃজনশীল কনটেন্ট তৈরি এবং সেই কনটেন্টের ব্যবসায়িক প্রভাব মূল্যায়ন করতে পারবে।
তিনি জানান, ক্যাম্পেইন পরিকল্পনা, উপযুক্ত কনটেন্ট ক্রিয়েটর নির্বাচন এবং কমিউনিটিভিত্তিক কনটেন্ট তৈরির পুরো প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতেই ‘সিম্ফনি এজেন্ট’ ডিজাইন করা হয়েছে।
টিকটকের মতে, বর্তমান সময়ে দর্শকরা বাস্তবধর্মী, প্রাসঙ্গিক ও আকর্ষণীয় কনটেন্টের প্রতি বেশি আগ্রহী। সেই বাস্তবতায় এআইচালিত এই প্রযুক্তি শুধু কনটেন্ট তৈরির গতি বাড়াবে না, বরং ডিজিটাল মার্কেটিং ও ব্যবসার নতুন সম্ভাবনারও দ্বার উন্মোচন করবে। একই সঙ্গে এটি ব্র্যান্ড, কনটেন্ট ক্রিয়েটর, কমিউনিটি এবং মার্কেটারদের মধ্যে আরও কার্যকর সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।