দুই বছরেরও বেশি সময় পর আগামী ১২ আগস্ট আকাশে দেখা যাবে একটি পূর্ণ সূর্যগ্রহণ। এ সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান নেওয়ায় সূর্যের আলো সম্পূর্ণভাবে আড়াল হবে। ফলে পৃথিবীর কিছু অঞ্চলে দিনের বেলাতেই সাময়িক অন্ধকার নেমে আসবে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, এবারের পূর্ণ সূর্যগ্রহণ সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন এবং উত্তর-পূর্ব পর্তুগালের কিছু অংশ থেকে। এসব এলাকায় কয়েক সেকেন্ড থেকে দুই মিনিটেরও বেশি সময় সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে থাকবে।
অন্যদিকে ইউরোপ, আফ্রিকা এবং উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। সেখানে চাঁদ সূর্যের কেবল একটি অংশ ঢেকে দেবে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইউরোপের মূল ভূখণ্ড থেকে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০০৬ সালে। আর স্পেনের মূল ভূখণ্ডে এমন বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা সর্বশেষ দেখা যায় ১৯০৫ সালে। ফলে এবারের গ্রহণ দেশটির জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।
নাসার তথ্যমতে, এবারের গ্রহণের পূর্ণ ছায়াপথের দৈর্ঘ্য হবে প্রায় ৮ হাজার ৩০০ কিলোমিটার। এটি আর্কটিক অঞ্চলের উপকূল থেকে শুরু হয়ে উত্তর মেরুর কাছ দিয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল ও স্পেনের উত্তরাঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে।
গ্রিনল্যান্ডে পূর্ণ সূর্যগ্রহণ দুই মিনিটের কিছু বেশি সময় স্থায়ী হবে। তবে স্পেনের উত্তরাঞ্চলে তা দেখা যাবে প্রায় ২০ সেকেন্ড। আবহাওয়া অনুকূলে থাকলে গ্রহণটি সবচেয়ে ভালোভাবে উপভোগ করা সম্ভব হবে।
নাসা জানিয়েছে, পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ হবে ২০২৭ সালের ২ আগস্ট। সেটি দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা, সৌদি আরব ও ইয়েমেন থেকে দেখা যাবে। আর যুক্তরাষ্ট্রে পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ২০৩৩ সালে, তবে সেটি কেবল আলাস্কা থেকে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। দেশটির মূল ভূখণ্ডে আবার পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ২০৪৪ সালে।