বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হয়েছে ভিভোর নতুন স্মার্টফোন ভি৮০ লাইট। ৭.৯৯ মিলিমিটার পুরুত্বের ফোনটিতে রয়েছে ৭ হাজার ৫০ এমএএইচ ব্যাটারি। গ্রাহকদের জন্য ৯ মাসের শূন্য শতাংশ সুদের ইএমআই সুবিধার পাশাপাশি ১২ মাসের হায়ার পারচেজ সুবিধা রাখা হয়েছে। এ ক্ষেত্রে মাসিক কিস্তি শুরু হচ্ছে ৩ হাজার ৯০০ টাকা থেকে।
রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিভো বাংলাদেশ এসব তথ্য জানিয়েছে।
ভি৮০ লাইটে রয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের এই ডিসপ্লেতে সর্বোচ্চ ৩ হাজার নিটস লোকাল পিক ব্রাইটনেস পাওয়া যাবে। থ্রিডি ডুয়াল-কার্ভড স্ক্রিন ও পাতলা বেজেলের পাশাপাশি ফোনটিতে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো চিপসেট। তাপ নিয়ন্ত্রণে রয়েছে ৩ হাজার ৮০০ বর্গমিলিমিটারের ভ্যাপর চেম্বার কুলিং সিস্টেম। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এতে এমএলবিবি গেম ৯০ এফপিএস পর্যন্ত গতিতে খেলা সম্ভব।
ফটোগ্রাফির জন্য পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোর্ট্রেট ক্যামেরা। সেলফির জন্য সামনে দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা, যার ফিল্ড অব ভিউ ৮৪ ডিগ্রি।
৭ হাজার ৫০ এমএএইচ ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির ওজন ১৯৭ গ্রাম। ভি৮০ লাইট সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু—এই দুই রঙে পাওয়া যাচ্ছে। দেশজুড়ে ভিভোর অফিসিয়াল আউটলেট ও অনুমোদিত বিক্রয়কেন্দ্রে ফোনটি কেনা যাবে।
ভিভো জানিয়েছে, বিশ্বজুড়ে ৬০টির বেশি দেশে তাদের বিক্রয় নেটওয়ার্ক রয়েছে এবং ভিভো স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটির বেশি। প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের আওতায় বিভিন্ন দেশে ১০টি আরঅ্যান্ডডি কেন্দ্র রয়েছে।