জাতিসংঘেও কেন সানগ্লাস পরে বক্তব্য বালেন্দ্রর?

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ প্রথমবারের মতো বক্তব্য দিয়েছেন। হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করার পাশাপাশি তার ভিন্নধর্মী উপস্থিতি সবার নজর কেড়েছে।

বক্তব্য দেওয়ার সময় ৩৬ বছর বয়সি এই নেতার পরনে ছিল ঐতিহ্যবাহী কালো টুপি, ব্লেজার এবং তার সিগনেচার কালো সানগ্লাস। র‍্যাপার থেকে রাজনীতিতে আসা বালেন্দ্রর রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয়ের সাথে এই আয়তাকার সানগ্লাসটি এখন পুরোপুরি জুড়ে গেছে।

সংসদ, সরকারি অনুষ্ঠান কিংবা বিদেশি কূটনীতিবিদদের সাথে সাক্ষাতের সময় তিনি সানগ্লাস পরে থাকেন। তবে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক বা ব্যক্তিগত আলোচনার সময় তাকে সানগ্লাস ছাড়া দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় বালেন্দ্র সাধারণত গণমাধ্যম বা সংবাদ সম্মেলন এড়িয়ে চলেন, যা তার ব্যক্তিত্বে বাড়তি রহস্য যোগ করেছে। নেপালের জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস দারাজে এখন 'বালেন শাহ গ্লাস' নামে তার এই পছন্দের চশমাটি বিক্রিও হচ্ছে।

২০২২ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে আলোড়ন তৈরি করা এই নেতা সবসময় তার পরিচিত চেহারা ধরে রেখেছেন। পরবর্তীতে ২০২৬ সালের মার্চে তার দল 'রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি' বড় জয় পেয়ে ক্ষমতায় এলে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

তবে বিশেষ কিছু আবেগঘন ও স্পর্শকাতর মুহূর্তে তাকে সানগ্লাস ছাড়াও দেখা গেছে। দক্ষিণ নেপালের সাম্প্রদায়িক সহিংসতা, সাম্প্রতিক বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের সময় এবং ভক্তদের ভালোবাসার জবাবে বক্তব্য দেওয়ার সময় তিনি সানগ্লাস খুলেছিলেন।

সংসদে সানগ্লাস পরা নিয়ে স্পিকারের নিষেধাজ্ঞার মুখে পড়লেও তার কার্যালয় চিকিৎসকের পরামর্শের কথা নিশ্চিত করে। অফিসের পক্ষ থেকে জানানো হয়, অতিরিক্ত ও তীব্র আলোর হাত থেকে চোখ রক্ষার্থেই তিনি চিকিৎসকের নির্দেশে নিয়মিত চশমাটি ব্যবহার করেন।

তথ্যসূত্র: এনডিটিভি