তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক সংগঠন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই অ্যাওয়ার্ডস ২০২৬’ ঘোষণা করা হয়েছে। এবছর ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শিক্ষা, সাইবার নিরাপত্তা, উদ্ভাবন এবং প্রযুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়নসহ ১২টি প্রধান শ্রেণিতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশের তিনটি প্রতিষ্ঠান এবার পুরস্কার পেয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এই পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কার তুলে দেন অ্যাসোসিওর চেয়ারম্যান মালয়েশিয়ার স্ট্যান সিং-জিৎ ও অ্যাসোসিওর আজীবন চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফি।
প্রকাশিত তালিকায় বাংলাদেশের তিনটি উদ্ভাবনী ও সেবাভিত্তিক প্রতিষ্ঠান পুরস্কার অর্জন করেছে। প্রযুক্তি দক্ষতা উন্নয়ন ও মানবসম্পদ তৈরিতে বিশেষ অবদানের জন্য ‘অ্যাসোসিও ট্যালেন্ট ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ লাভ করেছে বাংলাদেশের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। আন্তর্জাতিক স্তরে তথ্যপ্রযুক্তি সেবা প্রসারে ‘অ্যাসোসিও গ্লোবাল বিজনেস সার্ভিস অ্যাওয়ার্ড’ জিতেছে ‘দ্য ডাটাবিজ সফটওয়্যার লিমিটেড’। এ ছাড়া শিক্ষা খাতে এআই প্রযুক্তির ইতিবাচক ও উদ্ভাবনী ব্যবহারের জন্য ‘অ্যাসোসিও এআই ইন এডুকেশন অ্যাওয়ার্ড’ পেয়েছে ‘স্কিলআপার’। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রযুক্তিভিত্তিক উন্নয়ন ও এআই প্রযুক্তির সঠিক ব্যবহারের গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর এই সম্মানজনক পুরস্কার দিয়ে আসছে সংগঠনটি।
অ্যাসোসিও পুরস্কার এবার যেসব শ্রেণিতে দেওয়া হয়েছে সেগুলো হলো অ্যাসোসিও ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড, অ্যাসোসিও ট্যালেন্ট ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড, অ্যাসোসিও ইএসজি অ্যাওয়ার্ড, অ্যাসোসিও গ্লোবাল বিজনেস সার্ভিস অ্যাওয়ার্ড, অ্যাসোসিও এআই ইন সাইবার সিকিউরিটি অ্যাওয়ার্ড, অ্যাসোসিও এআই ফর পাবলিক গুড অ্যাওয়ার্ড, অ্যাসোসিও এআই ইন এডুকেশন অ্যাওয়ার্ড, অ্যাসোসিও এআই ইন হেলথকেয়ার অ্যাওয়ার্ড, অ্যাসোসিও এআই ইন স্মার্ট অ্যাগ্রিকালচার অ্যাওয়ার্ড, অ্যাসোসিও এআই ইন ফিন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাওয়ার্ড, অ্যাসোসিও এআই ইন ওয়ার্কফোর্স অ্যান্ড ফিউচার স্কিলস অ্যাওয়ার্ড ও অ্যাসোসিও এআই ইন ম্যানুফ্যাকচারিং/সাপ্লাই চেইন অ্যাওয়ার্ড।
প্রসঙ্গত সোমবার থেকে জাকার্তায় অ্যাসোসিওর তিন দিনের আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিট ২০২৬’ শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে ২৭টি দেশ। বুধবার পর্যন্ত এ সম্মেলন চলবে।