প্রকাশের আগে সর্বশেষ ট্রেলারে দুর্দান্ত গ্রাফিক্স, আকর্ষণীয় পরিবেশ ও অ্যাকশনধর্মী লড়াইয়ের দৃশ্য তুলে ধরেছে বহুল প্রতীক্ষিত অ্যাকশন রোল-প্লেয়িং গেম (আরপিজি) ‘ফ্যান্টম ব্লেড জিরো’। গেমটির নির্মাতাদের প্রকাশিত ট্রেলারে চরিত্রের নকশা, বিভিন্ন পরিবেশ এবং গেমপ্লের নানা অংশ দেখা গেছে।
ট্রেলারটিতে গেমটির ভিজ্যুয়াল মান বিশেষভাবে নজর কেড়েছে। পাশাপাশি দ্রুতগতির লড়াই ও অ্যাকশন দৃশ্যগুলোও খেলোয়াড়দের আগ্রহ বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের আলোচিত গেমগুলোর মধ্যে এটি অন্যতম হতে পারে বলে মনে করছেন গেমবিষয়ক সমালোচকেরা। প্রকাশিত পর্যালোচনা ও রেটিংয়েও ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৯ অক্টোবর প্লেস্টেশন ও পিসির জন্য গেমটির ডিজিটাল সংস্করণ উন্মুক্ত হওয়ার কথা রয়েছে। তবে যারা ডিজিটাল সংস্করণের পরিবর্তে ডিস্ক সংগ্রহ করতে পছন্দ করেন, তাঁদের জন্যও সুখবর দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।
ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালে বাজারে আসবে ‘ফ্যান্টম ব্লেড জিরো’র ফিজিক্যাল বা ডিস্ক সংস্করণ। তিনটি সংস্করণে পাওয়া যাবে গেমটি—স্ট্যান্ডার্ড, ডিলাক্স ও আলটিমেট।
এর মধ্যে আলটিমেট সংস্করণে থাকবে সংগ্রহযোগ্য বিশেষ ধাতব কভার বা স্টিলবুক। প্রকাশিত ঘোষণার ছবিতে গেমের ডিস্কও দেখা গেছে। অর্থাৎ, বাক্সের ভেতরে শুধু ডাউনলোড কোড নয়, প্রকৃত গেম ডিস্কই থাকবে।
ডিজিটাল সংস্করণের পাশাপাশি ফিজিক্যাল সংস্করণ প্রকাশের এই সিদ্ধান্তে ডিস্ক সংগ্রহ করতে আগ্রহী গেমারদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে।