থ্রিডি প্রিন্টিংয়ে শিল্পবিপ্লবের পথে ইরান, তৈরি হবে জটিল যন্ত্রাংশও

ইরানের শিল্প উৎপাদনে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে থ্রিডি প্রিন্টিং, রিভার্স ইঞ্জিনিয়ারিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সমন্বিত ব্যবহারে। রাজধানী তেহরানের উত্তর-পশ্চিমে কাজভিন প্রদেশে গড়ে উঠছে উন্নত উৎপাদনব্যবস্থার একটি প্রযুক্তিগত বলয়। এর মাধ্যমে জটিল শিল্পযন্ত্রের যন্ত্রাংশ তৈরি, বিশেষায়িত উপাদানের নকশা পুনর্গঠন এবং নতুন পণ্যের নমুনা তৈরির সক্ষমতা বাড়াতে কাজ করছে দেশটি।

কাজভিনের বিজ্ঞান ও প্রযুক্তি পার্কের উদ্যোগে গড়ে ওঠা এ ব্যবস্থায় যুক্ত হয়েছে ত্রিমাত্রিক স্ক্যানিং, রিভার্স ইঞ্জিনিয়ারিং, ধাতব থ্রিডি প্রিন্টিং এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণা। আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করা কঠিন হয়ে পড়া বিভিন্ন শিল্পযন্ত্রের যন্ত্রাংশ দেশে তৈরি করাই এর অন্যতম লক্ষ্য।

২০২৬ সালের মে মাসের প্রায় দুই বছর আগে এ উদ্যোগের উন্নয়নকাজ শুরু হয়। শুরুতে যান্ত্রিক ও রাসায়নিক পণ্যের নমুনা তৈরির অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়। পরবর্তী সময়ে এর সঙ্গে ইলেকট্রনিক পণ্যের প্রোটোটাইপ তৈরির সুবিধাও যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।

এ উদ্যোগের গুরুত্বপূর্ণ অগ্রগতি ছিল ১৫টি থ্রিডি প্রিন্টার নিয়ে একটি যান্ত্রিক প্রোটোটাইপ তৈরির কেন্দ্র স্থাপন। বেসরকারি বিনিয়োগে প্রতিষ্ঠিত কেন্দ্রটি পরে বৃহত্তর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হয়। একই সঙ্গে যান্ত্রিক, রাসায়নিক ও ইলেকট্রনিক পণ্যের উন্নয়ন ও পরীক্ষামূলক উৎপাদনের জন্য পৃথক সুবিধাসংবলিত বড় একটি প্রোটোটাইপ কমপ্লেক্স গড়ে তোলার কাজ চলছে।

এই প্রযুক্তিগত উদ্যোগের অন্যতম ভিত্তি রিভার্স ইঞ্জিনিয়ারিং। এ পদ্ধতিতে আগে থেকে তৈরি কোনো যন্ত্রাংশ বা পণ্যের ত্রিমাত্রিক স্ক্যান নেওয়া হয়। পরে সেই তথ্য ব্যবহার করে কম্পিউটারে পণ্যটির ডিজিটাল নকশা পুনর্গঠন করা হয়। এ নকশার সাহায্যে একই ধরনের যন্ত্রাংশ তৈরি, পুরোনো নকশার উন্নয়ন কিংবা নতুন পণ্য উদ্ভাবন সম্ভব।

কাজভিনের কেন্দ্রটিতে ব্যবহৃত থ্রিডি স্ক্যানার বিদ্যমান পণ্যের আকৃতি ও কাঠামোর ডিজিটাল মডেল তৈরি করতে পারে। পরে সেই মডেল উৎপাদন, নকশা পরিবর্তন ও প্রকৌশলগত উন্নয়নের কাজে ব্যবহার করা যায়।

ধাতব অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিংয়ের পাশাপাশি এখানে ফিউজড ডিপোজিশন মডেলিং (এফডিএম) ও রেজিন প্রিন্টিং প্রযুক্তিও ব্যবহারের সুযোগ রয়েছে। উপাদানের ধরন, কাঠামোগত জটিলতা এবং উৎপাদনের কারিগরি চাহিদা অনুযায়ী এসব প্রযুক্তির পৃথক প্রয়োগ রয়েছে।

এফডিএম পদ্ধতিতে প্লাস্টিকের ফিলামেন্ট গলিয়ে স্তরে স্তরে জমা করে প্রয়োজনীয় বস্তু তৈরি করা হয়। অন্যদিকে রেজিন প্রিন্টিংয়ে আলোকসংবেদনশীল তরল উপাদানকে আলো প্রয়োগের মাধ্যমে শক্ত করে সূক্ষ্ম নকশার বস্তু তৈরি করা হয়। আর ধাতব থ্রিডি প্রিন্টিংয়ে ধাতব গুঁড়া ব্যবহার করে জটিল আকৃতির যন্ত্রাংশ উৎপাদন করা সম্ভব।

বিশেষায়িত যন্ত্রাংশ আমদানি করতে সমস্যায় পড়া শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য এ প্রযুক্তি স্থানীয়ভাবে বিকল্প উৎপাদনের সুযোগ তৈরি করতে পারে। এতে নির্দিষ্ট কিছু যন্ত্রাংশ সংগ্রহের ব্যয় ও বিদেশি সরবরাহকারীর ওপর নির্ভরতা কমানোর সম্ভাবনা রয়েছে।

কাজভিন বিজ্ঞান ও প্রযুক্তি পার্কের প্রধান মাজিদ গালোয়েইয়ের তথ্য অনুযায়ী, প্রদেশটির প্রযুক্তিগত বলয়ে রয়েছে ১৬৭টি প্রযুক্তি কোম্পানি, ১৭৭টি জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান এবং এক হাজার ১০৯ জনের বেশি বিশেষজ্ঞ কর্মী।

এসব প্রতিষ্ঠান ইতিমধ্যে ১৫২টির বেশি পণ্য তৈরি করেছে বলে জানিয়েছেন তিনি। নতুন উৎপাদন অবকাঠামোকে এগিয়ে নিতে এই প্রতিষ্ঠান, প্রকৌশলী ও গবেষকদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কাজভিনের নতুন উদ্যোগটি বিচ্ছিন্ন কোনো প্রকল্প নয়। ধাতব থ্রিডি প্রিন্টিং, বিশেষায়িত যন্ত্রপাতি ও উন্নত শিল্প সরঞ্জাম তৈরিতে ইরানের প্রকৌশল প্রতিষ্ঠানগুলো কয়েক বছর ধরেই সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে।

এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসে ২০১৫ সালের ডিসেম্বরে। ওই সময় ইসফাহানভিত্তিক প্রতিষ্ঠান নূরা লায়ে নেগার (Noura Laye Negar) ইরানের প্রথম শিল্পপর্যায়ের সিলেক্টিভ লেজার মেল্টিং (এসএলএম) ধাতব প্রিন্টার চালু করে।

এসএলএম প্রযুক্তিতে শক্তিশালী লেজারের সাহায্যে ধাতব গুঁড়ার স্তর গলিয়ে একটির পর একটি স্তর যুক্ত করে যন্ত্রাংশ তৈরি করা হয়। প্রচলিত মেশিনিং পদ্ধতিতে যেসব জটিল আকৃতি তৈরি করা কঠিন, এ প্রযুক্তিতে সেগুলো উৎপাদনের সুযোগ রয়েছে। বিশেষায়িত শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী জটিল ধাতব উপাদান তৈরিতে এটি গুরুত্বপূর্ণ।

পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি বাণিজ্যিক ধাতব প্রিন্টিং সরঞ্জাম ও উৎপাদনসেবা উন্নয়নের কাজও করেছে। ফলে এ প্রযুক্তি গবেষণাগারের পরীক্ষামূলক পর্যায় ছাড়িয়ে শিল্প উৎপাদনেও ব্যবহারের সুযোগ পেয়েছে।

এ ছাড়া অন্য কয়েকটি প্রতিষ্ঠান ডিরেক্টেড এনার্জি ডিপোজিশন (ডিইডি) প্রযুক্তির যন্ত্রপাতি তৈরি করেছে। এ পদ্ধতিতে নির্দিষ্ট স্থানে ধাতব উপাদান জমা করে নতুন যন্ত্রাংশ তৈরি করা কিংবা ক্ষয়প্রাপ্ত বিশেষায়িত যন্ত্রাংশ মেরামত করা সম্ভব।

ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও প্রকৌশল দক্ষতাও এ অগ্রগতির পেছনে ভূমিকা রাখছে। ধাতুবিদ্যা, উপাদানবিজ্ঞান, যন্ত্রকৌশল, কম্পিউটারভিত্তিক মডেলিং এবং উন্নত উৎপাদনপ্রযুক্তি নিয়ে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা চলছে।

তেহরান বিশ্ববিদ্যালয়, শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং আমিরকবির ইউনিভার্সিটি অব টেকনোলজির মতো শিক্ষাপ্রতিষ্ঠান এসব ক্ষেত্রে গবেষণার ভিত্তি তৈরি করেছে। উন্নত উপাদান নিয়ে কাজ, জটিল যন্ত্রাংশের নকশা এবং আধুনিক উৎপাদনপ্রক্রিয়া উন্নয়নে এসব গবেষণা শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাজে লাগতে পারে।

সব মিলিয়ে, থ্রিডি স্ক্যানিং, রিভার্স ইঞ্জিনিয়ারিং, ধাতব প্রিন্টিং ও বিশ্ববিদ্যালয় গবেষণার সমন্বয়ে ইরান দেশীয় শিল্প উৎপাদনের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। বিশেষ করে আমদানিনির্ভর যন্ত্রাংশের বিকল্প তৈরি এবং জটিল শিল্প সরঞ্জাম উৎপাদনে এ প্রযুক্তিগুলো দেশটির জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে এসব উদ্যোগের প্রকৃত শিল্পপ্রভাব নির্ভর করবে প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার, উৎপাদনের ব্যয়, মান নিয়ন্ত্রণ এবং বৃহৎ পরিসরে উৎপাদন সক্ষমতা অর্জনের ওপর।