ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ দেশটির ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের মাধ্যমে শুরু হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে ‘বানোয়াট’ আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তার অভিযোগ, ইরানের বিরুদ্ধে ‘অবৈধ আগ্রাসনের’ দায় এড়াতেই যুক্তরাষ্ট্র এ ধরনের বিভ্রান্তিকর বয়ান তৈরি করছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘাই বলেন, যুদ্ধের ভয়াবহ মানবিক, অর্থনৈতিক ও ভূরাজনৈতিক পরিণতির দায় এড়াতে মার্কিন কর্মকর্তারা নতুন একটি বয়ান সামনে এনেছেন। তাদের দাবি- যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করেনি; বরং ১৯৭৯ সালের বিপ্লবের মধ্য দিয়েই ইরান সংঘাতের সূচনা করেছে।
বাঘাইয়ের ভাষায়- এ দাবি এতটাই অসংগত যে, যে কোনো বিবেকবান মানুষ সহজেই এর অসত্যতা বুঝতে পারবেন। তিনি বলেন, ১৯৭৯ সালের বিপ্লবের লক্ষ্য ছিল দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও মানবিক মর্যাদা পুনরুদ্ধার। সে সময় ইরানের মানুষের মনে ১৯৫৩ সালে সিআইএ-সমর্থিত অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের ভূমিকার স্মৃতিও ছিল তাজা।
ইরানি মুখপাত্রের দাবি, সামরিক আগ্রাসনের সংজ্ঞা স্পষ্ট। কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই নয় মাসের কম সময়ের ব্যবধানে যুক্তরাষ্ট্র দুইবার ইরানের বিরুদ্ধে বিনা উসকানিতে হামলা চালিয়েছে। তিনি ২০২৫ সালের জুনে ১২ দিনের এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ৪০ দিনের সামরিক অভিযানের কথা উল্লেখ করেন। এসব হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জড়িত বলে তার অভিযোগ।
বাঘাই আরও দাবি করেন, হামলায় ইরানের সর্বোচ্চ নেতা ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের হত্যা করা হয়েছে, নারী ও শিশুরা নিহত ও আহত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে। তার অভিযোগ, সামরিক ও রাজনৈতিকভাবে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন যুদ্ধ শুরুর দায় অস্বীকার এবং বিজয়ের বয়ান তৈরির চেষ্টা করছে। তিনি আরও বলেন, মার্কিন রাজনৈতিক অঙ্গনের শীর্ষ পর্যায়েও স্বীকার করা হয়েছে যে- ইরান যুদ্ধ দেশটির নির্বাচনে পরাজয়ের অন্যতম প্রধান কারণ ছিল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরলেন বাঘাই
এক্সের পোস্টে বাঘাই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দীর্ঘদিনের বৈরিতার বিভিন্ন ঘটনা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ১৯৫৩ সালের সিআইএ-সমর্থিত অভ্যুত্থান, ইরাকের সঙ্গে আট বছরব্যাপী যুদ্ধে সাদ্দাম সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, গোয়েন্দা, সামরিক ও আর্থিক সমর্থন এবং ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের ঘটনায় রিগ্যান প্রশাসনের ভূমিকা নিয়ে তার অভিযোগ।
এছাড়া ১৯৮৮ সালের এপ্রিলে ইরানের বিরুদ্ধে ইরাকের সামরিক অভিযানে মার্কিন নৌবাহিনীর সরাসরি সম্পৃক্ততা, একই বছরের জুলাইয়ে পারস্য উপসাগরে ইরানের একটি বেসামরিক বিমান ভূপাতিত হওয়ার ঘটনা এবং এতে ২৯০ জনের প্রাণহানির কথাও উল্লেখ করেন তিনি। বাঘাইয়ের তালিকায় আরও রয়েছে ইরানের ওপর ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পরমাণু সমঝোতা (জেসিপিওএ) থেকে যুক্তরাষ্ট্রের একতরফা প্রত্যাহার, ‘সর্বোচ্চ চাপ’ নীতি পুনর্বহাল এবং ইরানের প্রভাবশালী সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনা।
সবশেষে বাঘাই বলেন, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্তের দায় এড়াতে যুক্তরাষ্ট্র অতীতের ইতিহাস নতুনভাবে ব্যাখ্যা করতে পারে না। তার দাবি- ইরানের সঙ্গে ঐতিহাসিক বৈরিতা তৈরির পাশাপাশি সামরিক আগ্রাসনও শুরু করেছে ওয়াশিংটন।
যুদ্ধক্ষেত্র ছাড়িয়ে সংঘাত ছড়িয়ে পড়তে পারে: আব্বাস গোলরু
তায়েজের দক্ষিণে হুথিদের অস্ত্রভাণ্ডারে ইয়েমেনি বাহিনীর বিমান হামলা
বাহরাইনে ইরানের সর্বশেষ ড্রোন হামলা, বদলে যাচ্ছে ‘যুদ্ধের নিয়ম’
বাব আল-মান্দেব প্রণালি ‘মুক্ত করতে’ সহায়তা চাইল ইয়েমেনের সামরিক বাহিনী