‘জিটিএ ৬’ ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

চলতি বছরের বিনোদনজগতের সবচেয়ে বড় ঘটনা হতে যাচ্ছে নতুন সিনেমা নয়, বরং ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)-এর মুক্তি। দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাজারে আসছে জনপ্রিয় এই গেমের নতুন সংস্করণ। গেমারদের মধ্যে এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বিনোদন ও ব্যবসার জগতেও।

গেমটির প্রতি মানুষের আগ্রহের একটি বড় প্রমাণ আগাম বিক্রির হিসাব। সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, মুক্তির আগেই প্রায় দেড় কোটি কপি প্রি-অর্ডার হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভের প্রধান নির্বাহী স্ট্রাউস এইচ জেলনিক গত সপ্তাহে বিনিয়োগকারীদের জানিয়েছেন, গেমটির বিক্রি অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে।

যাঁরা ভিডিও গেম খেলেন না, তাঁদের কাছে এত বড় আয়োজনের কারণ স্পষ্ট নাও হতে পারে। তবে গেম শিল্পের অভিজ্ঞ সাংবাদিকদের মতে, ‘জিটিএ ৬’ কেবল একটি গেম নয়; এটি বিনোদনশিল্পের অন্যতম বড় বাণিজ্যিক ও সাংস্কৃতিক ঘটনা।

আইজিএন এন্টারটেইনমেন্টের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও সহপ্রতিষ্ঠাতা পিয়ার স্নাইডার বলেন, ‘জিটিএ ৬’ সফল হবে কি না, সেটি প্রশ্ন নয়; বরং কত বড় সাফল্য পাবে, সেটিই দেখার বিষয়।

তিনি বলেন, সিরিজের আগের গেম ‘জিটিএ ৫’ মুক্তির মাত্র তিন দিনে ১০০ কোটি ডলারের বিক্রি করেছিল। চলচ্চিত্রের ইতিহাসেও এত দ্রুত এই পরিমাণ আয় করার নজির ছিল না। আগাম বিক্রির হিসাব বিবেচনায় ‘জিটিএ ৬’ ইতিমধ্যে সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে বলে মনে করছেন তিনি।

গেমটির নির্মাণ ব্যয়ও আলোচনায় এসেছে। হলিউডের বড় বাজেটের সিনেমা তৈরিতে সাধারণত কয়েক শ কোটি ডলার ব্যয় হয়। অন্যদিকে ‘জিটিএ ৬’-এর নির্মাণ ব্যয় ১০০ কোটি ডলারের বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গেমটির প্রতি বিপুল আগ্রহের কারণে অন্য ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান এমনকি চলচ্চিত্র নির্মাতারাও নতুন কাজ প্রকাশের সময় নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার থেকে নতুন গেম বা সিনেমা মুক্তির সংখ্যা কম রাখার প্রবণতা দেখা যাচ্ছে। কারণ, গেমারদের বড় একটি অংশ ‘জিটিএ ৬’ নিয়েই ব্যস্ত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

স্নাইডারের মতে, অর্থের চেয়েও গেমারদের কাছে এখন সবচেয়ে মূল্যবান সম্পদ সময়। বাজারে অর্থের বিনিময়ে ও বিনা মূল্যে খেলার অসংখ্য গেম থাকলেও মানুষের মনোযোগ ও সময় পাওয়ার প্রতিযোগিতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

১৩ বছরের অপেক্ষা, প্রত্যাশাও আকাশচুম্বী

‘জিটিএ’ সিরিজের জনপ্রিয়তা এক দিনে তৈরি হয়নি। প্রায় ২৫ বছর ধরে গেমটি বিশ্বের অন্যতম পরিচিত ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে।

ভিডিও গেম সাংবাদিক স্টিফেন টোটিলো বলেন, ২০০১ থেকে ২০১৩ সালের মধ্যে রকস্টার গেমস সিরিজটির পাঁচটি বড় সংস্করণ প্রকাশ করে। পাশাপাশি কয়েকটি স্পিন-অফ গেমও বাজারে আনে। কিন্তু এরপর থেকে সিরিজটির নতুন কোনো মূল গেম প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

২০১৩ সালে ‘জিটিএ ৫’ মুক্তির পর থেকেই নতুন সংস্করণের অপেক্ষায় ছিলেন ভক্তরা। দীর্ঘ বিরতির কারণে নতুন গেমটি নিয়ে প্রত্যাশাও বেড়েছে।

তবে নতুন গেম তৈরিতে সময় নেওয়ার সুযোগ পেয়েছে রকস্টার। কারণ, ‘জিটিএ ৫’ এত বছর পরও ব্যাপক জনপ্রিয়তা ধরে রেখেছে। টেক-টু ইন্টারঅ্যাকটিভের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে গেমটির প্রায় ২৩ কোটি ৫০ লাখ কপি বিক্রি হয়েছে। এর অনলাইন মাল্টিপ্লেয়ার সংস্করণও এক দশকের বেশি সময় ধরে খেলোয়াড়দের যুক্ত রেখেছে। এ সংস্করণে খেলোয়াড়েরা শুধু সময়ই ব্যয় করেননি, অর্থও খরচ করেছেন।

এই দীর্ঘ সময়ে একটি প্রজন্ম বড় হয়ে উঠেছে। ‘জিটিএ ৫’ যখন বাজারে আসে, তখন যারা কিন্ডারগার্টেনে পড়ত, তাদের অনেকেই এখন কলেজে পড়ছে।

টেক-টু ইন্টারঅ্যাকটিভের সহযোগী প্রতিষ্ঠান রকস্টার শুরুতে ২০২৫ সালে ‘জিটিএ ৬’ প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছিল। কিন্তু কয়েক দফা পিছিয়ে দেওয়ায় গেমটি নিয়ে আগ্রহ ও প্রত্যাশা আরও বেড়েছে।

মুক্তিকে ঘিরে খুচরা বিক্রেতা, ব্রডব্যান্ড সেবাদাতা প্রতিষ্ঠান এবং ফাস্টফুড চেইনগুলোও বিভিন্ন প্রচার ও বিজ্ঞাপন কর্মসূচি হাতে নিয়েছে।

শুধু গাড়ি চুরি নয়, বিশাল এক ভার্চ্যুয়াল জগৎ

‘জিটিএ’ সিরিজের প্রতি আগ্রহের কারণ শুধু গাড়ি চুরি বা অপরাধের গল্প নয়। গেমটির সহিংসতা নিয়ে ২০০০-এর দশকের শুরুর দিকে নানা বিতর্ক থাকলেও এর জনপ্রিয়তার পেছনে রয়েছে বিশাল ও বিস্তারিত ভার্চ্যুয়াল জগৎ।

টোটিলোর মতে, একভাবে দেখলে ‘জিটিএ’ অনেকটা প্যাক-ম্যানের জটিল সংস্করণ। তবে এখানে ভূত, ফল কিংবা নির্দিষ্ট গ্রিডের বদলে খেলোয়াড়েরা অপরাধী ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার জগতে অংশ নেন। গেমের শহরগুলো বাস্তব শহরের আদলে তৈরি। যেমন নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের কাল্পনিক রূপের পাশাপাশি ‘জিটিএ ৬’-এর ভাইস সিটি শহরটি মায়ামির আদলে সাজানো হয়েছে।

নতুন গেমে অপরাধী এক যুগলকে কেন্দ্র করে গল্প এগোবে। খেলোয়াড়েরা ওই যুগলের দুই সদস্যের চরিত্রেই খেলতে পারবেন। টোটিলোর ভাষায়, এটি অনেকটা প্রেমে পড়া অপরাধী জুটি বনি ও ক্লাইডের গল্পের মতো, যেখানে খেলোয়াড়েরা দুই চরিত্রের নাটকীয় ও সহিংস জীবন নিয়ন্ত্রণ করবেন।

গত আগস্টে নেটফ্লিক্স বিশ্বজুড়ে প্রথমবারের মতো গেমটির একটি ট্রেলার প্রচার করে। তাতে গেমের কিছু দৃশ্য ও খেলার ধরন তুলে ধরা হয়।

‘জিটিএ’ সিরিজের আরেকটি বৈশিষ্ট্য হলো এর উন্মুক্ত জগৎ। রকস্টার গেমস শহরের রাস্তা, অলিগলি ও বিভিন্ন স্থাপনা অত্যন্ত বিস্তারিতভাবে তৈরি করে। সেখানে ভার্চ্যুয়াল নাগরিকদের চলাচল, নানা কার্যক্রম এবং বিভিন্ন ধরনের রেডিও স্টেশন থাকে। কিছু রেডিওতে গান বাজে, আবার কিছুতে থাকে কথোপকথনভিত্তিক অনুষ্ঠান। খেলোয়াড়েরা নিজেদের পছন্দমতো এসব জায়গা ঘুরে দেখতে ও নানা কাজে অংশ নিতে পারেন।

টোটিলো জানান, গেমে সব সময় অপরাধ বা সহিংসতায় অংশ নিতে হয় না। এক রাতে তিনি ভার্চ্যুয়াল শহরে পিৎজা সরবরাহের কাজ করেও সময় কাটিয়েছেন।

মুক্তির সময় ঘিরে গেমারদের প্রস্তুতি

গেমটির মুক্তি নিয়ে শুধু খেলোয়াড়েরাই নয়, গেমবিষয়ক সংবাদমাধ্যমগুলোও ব্যস্ত সময় পার করার প্রস্তুতি নিচ্ছে। স্নাইডার বলেন, রকস্টারের নতুন গেম প্রকাশের পর আইজিএনের মতো ওয়েবসাইটে কয়েক বছর ধরে পাঠকের আনাগোনা বাড়তে থাকে। গেমের পর্যালোচনা, খেলার নির্দেশিকা ও মানচিত্রের জন্য পাঠকেরা এসব সাইটে আসেন।

তিনি জানান, নিউজিল্যান্ডে প্রথম গেমটি খেলার সুযোগ তৈরি হলে রাত তিনটায় জেগে থেকেই আইজিএনের কর্মীরা বিভিন্ন কনটেন্ট প্রকাশ করবেন। কারণ, বিশ্বে নিউজিল্যান্ডেই প্রথম গেমটি পাওয়া যাবে। কয়েক ঘণ্টা আগে খেলার সুযোগ পেতে অনেক গেমার নিজেদের গেম কনসোলের সেটিংস পরিবর্তন করে অবস্থান অন্য জায়গায় দেখানোর চেষ্টা করতে পারেন বলেও ধারণা করছেন তিনি।

সব মিলিয়ে, দীর্ঘ অপেক্ষা, বিপুল আগাম বিক্রি, বিশাল নির্মাণ ব্যয় এবং বিশ্বজুড়ে প্রচারণা—সবকিছু মিলিয়ে ‘জিটিএ ৬’ ভিডিও গেমের গণ্ডি ছাড়িয়ে বছরের অন্যতম বড় বিনোদন ও বাণিজ্যিক আয়োজনে পরিণত হয়েছে।

সূত্র: সিএনএন