হরমুজে তেলবাহী জাহাজে হামলা, ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন সতর্কতা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৭ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলা এবং ইরাকের একটি গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্রে ড্রোনের উপস্থিতি ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো ও সরবরাহব্যবস্থার নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সংঘাতের অবসান ও হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে কূটনৈতিক উদ্যোগ চললেও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি।

সোমবার (১৬ নভেম্বর) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী দাবি করে, হরমুজ প্রণালির দক্ষিণ অংশ দিয়ে চলাচলের সময় দুটি তেলবাহী জাহাজ সমুদ্রের মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। তেহরানের অনুমোদনহীন বলে বিবেচিত একটি পথ দিয়ে জাহাজ দুটি চলাচলের চেষ্টা করছিল বলে দাবি তাদের।

অন্যদিকে, ইরানের নিয়মিত নৌবাহিনী জানায়, প্রণালির পূর্ব দিকে নিষিদ্ধ জলসীমায় মাইনে আঘাত পেয়ে আরেকটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায় এবং সেটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

তবে ইরানের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। দেশটির কর্তৃপক্ষ জাহাজগুলোর নাম বা পরিচয়ও প্রকাশ করেনি।

এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সোমবার হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলার খবর জানিয়েছে।

সর্বশেষ ঘটনায় ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ৭ নটিক্যাল মাইল বা ১৩ কিলোমিটার উত্তরে একটি জাহাজ হামলার শিকার হয়। এতে জাহাজটির চলাচল বন্ধ হয়ে যায় এবং ইঞ্জিনকক্ষে আগুন লাগে।

এর আগে প্রণালি থেকে বের হওয়ার পথে আরেকটি তেলবাহী জাহাজ অজ্ঞাত বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। ওই জাহাজের ইঞ্জিনকক্ষেও আগুন ধরে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরানের দাবি করা মাইনে আঘাতের ঘটনা এবং ইউকেএমটিওর জানানো হামলাগুলো একই ঘটনার অংশ কি না, তা স্পষ্ট নয়।

গত কয়েক সপ্তাহে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে। জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, ১ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালি ও বৃহত্তর মধ্যপ্রাচ্য অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তাসংক্রান্ত ১৩৬টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে শুধু অক্টোবরেই ঘটেছে ৩৫টি।

ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন সতর্কতা

সমুদ্রপথে জ্বালানি পরিবহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোনের উপস্থিতি শনাক্ত হয়েছে। সোমবার ওই গ্যাসক্ষেত্রের ওপর দিয়ে একটি ড্রোন উড়ে যাওয়ার পর সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। বার্তা সংস্থা রয়টার্সকে দুটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে।

তবে সর্বশেষ ঘটনায় কোনো হামলা বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগের সপ্তাহে সন্দেহভাজন ড্রোন হামলার পর খোর মোর গ্যাসক্ষেত্রের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। ওই হামলায় আগুন ধরে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছিল। গ্যাসক্ষেত্রটির অন্যতম পরিচালনাকারী সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডানা গ্যাস জানিয়েছে, এতে ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়।

খোর মোর গ্যাসক্ষেত্রটি কুর্দিস্তান অঞ্চলে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রাকৃতিক গ্যাসের অন্যতম প্রধান উৎস। ফলে সেখানে উৎপাদন বন্ধ থাকলে স্থানীয় বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ে।

গ্যাসক্ষেত্রটি অতীতেও একাধিকবার হামলার শিকার হয়েছে। ইরাকি কুর্দি কর্মকর্তারা এসব হামলার জন্য ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছেন। তবে সোমবারের ড্রোন উড়ে যাওয়ার ঘটনায় কোনো গোষ্ঠীকে দায়ী করা হয়নি।

এদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। দেশটির বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। সোমবার আলজাজিরাকে দেওয়া এক বক্তব্যে মার্কিন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

এর ফলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় বর্তমানে তিনটি মার্কিন বিমানবাহী রণতরি অবস্থান করছে। ইরানের সঙ্গে উত্তেজনা অব্যাহত থাকার পাশাপাশি যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে কূটনৈতিক আলোচনা থমকে থাকায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত