মুক্তির আগেই ১৫০ কোটি ডলারের বেশি প্রি-অর্ডার আয় করেছে ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। আগামী ১৯ নভেম্বর গেমটি বাজারে আসার কথা। মুক্তির আগেই বিপুল এই আয় গেমটিকে বিনোদনজগতের অন্যতম বড় বাণিজ্যিক আয়োজন হিসেবে তুলে ধরেছে।
জনপ্রিয় ‘গ্র্যান্ড থেফট অটো’ (জিটিএ) সিরিজের নতুন এই গেমটি বাজারে আসার আগে কয়েক দফা মুক্তির তারিখ পিছিয়েছে। সর্বশেষ কিস্তি জিটিএ ৫ প্রকাশের পর কেটে গেছে ১৩ বছর। সিরিজটির ইতিহাসে দুই কিস্তির মধ্যবর্তী এটিই সবচেয়ে দীর্ঘ বিরতি। দীর্ঘ অপেক্ষা সত্ত্বেও গেমটি নিয়ে ভক্তদের আগ্রহে ভাটা পড়েনি।
বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের হিসাব অনুযায়ী, জিটিএ ৬-এর প্রি-অর্ডার থেকে আয় ইতিমধ্যে ১৫০ কোটি ডলার ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। মুক্তির মাত্র ৯ দিন আগেই গেমটির প্রি-অর্ডার আয় ১০০ কোটি ডলার অতিক্রম করেছিল। তুলনা করলে দেখা যায়, যুক্তরাষ্ট্রে ২০২২ সালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গেম ‘কল অব ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার ২’ মুক্তির আগে একই সময়ে এর প্রায় অর্ধেক আয় করেছিল।
জিটিএ সিরিজের আগের কিস্তি ‘গ্র্যান্ড থেফট অটো ৫’ (জিটিএ ৫) ২০১৩ সালে মুক্তির পর ব্যাপক সাফল্য পায়। ওই বছরের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গেম ছিল এটি। মুক্তির এত বছর পরও গেমটি থেকে প্রতিবছর শত শত কোটি ডলার নয়, বরং কয়েক শ মিলিয়ন ডলার আয় করছে নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস।
জিটিএ ৫-এর দীর্ঘস্থায়ী জনপ্রিয়তার অন্যতম কারণ ‘জিটিএ অনলাইন’। মূল গেমটি মুক্তির কয়েক সপ্তাহ পর চালু হওয়া এই অনলাইন মাল্টিপ্লেয়ার সংস্করণে খেলোয়াড়েরা একসঙ্গে যুক্ত হয়ে লস সান্তোসের কাল্পনিক শহর ঘুরে দেখতে পারেন। মূল গেমের গল্প শেষ হওয়ার পরও অনলাইন সংস্করণে নতুন অভিজ্ঞতা পাওয়ার সুযোগ রয়েছে।
জিটিএ অনলাইনের মাধ্যমে রকস্টার গেমস গেম বিক্রির বাইরেও আয়ের নতুন পথ তৈরি করে। নিয়মিত নতুন কনটেন্ট ও গেম মোড যুক্ত হওয়ায় খেলোয়াড়দের আগ্রহ ধরে রাখা সম্ভব হয়েছে। পাশাপাশি বাস্তব অর্থের বিনিময়ে গেমের ভেতরে বিভিন্ন সুবিধা ও উন্নত সংস্করণ কেনার সুযোগ রয়েছে। গত এক দশকে শুধু জিটিএ অনলাইন থেকেই ৫০০ কোটি ডলারের বেশি আয় হয়েছে।
দীর্ঘদিনের এই জনপ্রিয়তা জিটিএকে বিশ্বের অন্যতম সফল ভিডিও গেম সিরিজে পরিণত করেছে। সর্বকালের সর্বাধিক বিক্রি হওয়া গেমগুলোর তালিকায় রয়েছে ১৯৮৪ সালের জনপ্রিয় গেম ‘টেট্রিস’, নব্বইয়ের দশকের ‘পোকেমন’ এবং তুলনামূলক সাম্প্রতিক ফার্স্ট-পারসন শুটার সিরিজ ‘কল অব ডিউটি’। সর্বোচ্চ বিক্রির শীর্ষস্থান দখল করতে জিটিএ সিরিজের আরও ৪ কোটি কপি বিক্রি প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
১৩ বছরের দীর্ঘ অপেক্ষার পর এবার নতুন কিস্তি নিয়ে ফিরছে জিটিএ। মুক্তির পর গেমটির বিক্রি ও জনপ্রিয়তা কোথায় গিয়ে দাঁড়ায়, এখন সেটিই দেখার বিষয়।
সূত্র: সিএনএন