জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬) খেলার জন্য এক সপ্তাহের ছুটি নিয়েছেন যুক্তরাজ্যের ৩৮ বছর বয়সী শন লিটল। তবে শুধু কর্মস্থল থেকে ছুটি নিয়েই সন্তুষ্ট হননি তিনি। বাড়িতে যেন কেউ বিরক্ত না করেন, সে জন্য স্ত্রী ও ১৩ বছর বয়সী মেয়ের সঙ্গে করেছেন ‘বিরক্ত না করার চুক্তি’। বিনিময়ে তাঁদের দিয়েছেন নির্দিষ্ট অঙ্কের অর্থ।
স্কটল্যান্ডের ডামফ্রিজ অ্যান্ড গ্যালোওয়ে এলাকার নিউটন স্টুয়ার্টে পরিবারের সঙ্গে থাকেন শন। পেশায় স্বনির্ভর রংমিস্ত্রি ও ঘর সাজানোর কাজ করেন তিনি। এক সপ্তাহ বাড়িতে থাকলে কুকুরকে হাঁটানো কিংবা রান্নাঘরের কাজে সাহায্য করার মতো দায়িত্বও পালন করতে হতো তাঁকে। তাই জিটিএ ৬ খেলার সময় এসব দায়িত্ব থেকে অব্যাহতি পেতে স্ত্রী নাতালি ও মেয়ে শার্লটকে চুক্তিতে রাজি করান তিনি।
চুক্তি অনুযায়ী, এক সপ্তাহ পরিবারের বসার ঘর নিজের দখলে রেখে নিশ্চিন্তে গেম খেলতে পারবেন শন। এ সময় তাঁকে কোনো ঘরের কাজ করতে বলা যাবে না। কতক্ষণ ধরে গেম খেলছেন, তা নিয়েও মন্তব্য করা যাবে না। এমনকি দীর্ঘ সময় সোফায় বসে থাকলেও তাঁকে অলস বলা নিষেধ।

শনকে রান্নার দায়িত্ব থেকেও অব্যাহতি দিয়েছেন স্ত্রী। নাতালিকে বাড়তি খরচের টাকা দিয়েছেন, যাতে তিনি নাশতা ও হালকা খাবার কিনতে পারেন। থালা-বাসন ধোয়ার ঝামেলা এড়াতে আগে থেকেই কাগজের প্লেটও কিনে রেখেছেন শন।
স্ত্রী ও মেয়ের সঙ্গে করা চুক্তিটি মূলত মজা করেই তৈরি করেছিলেন বলে জানিয়েছেন তিনি। বিষয়টি নিজের টিকটক অ্যাকাউন্টে ভিডিও করে প্রকাশও করেছেন। তবে মজার ছলে তৈরি হলেও চুক্তির শর্তগুলো বেশ গুরুত্বের সঙ্গেই মানতে চান শন। এতে স্ত্রী ও মেয়ে তাঁকে বিরক্ত করবেন না, গেমের কাহিনির আগাম তথ্য বা স্পয়লার দেবেন না এবং অপ্রয়োজনীয় ঘরের কাজের কথা বলবেন না।
চুক্তিতে নিষিদ্ধ করা হয়েছে কয়েকটি পরিচিত কথাও। যেমন—‘অনেকক্ষণ ধরে খেলছ’, ‘এখনো কি খেলছ?’ কিংবা ‘আগে এই কাজটা করে দেবে?’—এ ধরনের কথা বলা যাবে না।
এর বিনিময়ে স্ত্রী নাতালিকে ৫০ পাউন্ড এবং মেয়ে শার্লটকে ২০ পাউন্ড দিয়েছেন শন। পাশাপাশি পরিবারের খরচে তাঁর সাপ্তাহিক অবদান বাড়িয়ে ৫০০ পাউন্ড করেছেন।
নিজের এই আয়োজন নিয়ে সমালোচনার আশঙ্কা থাকলেও তা নিয়ে ভাবছেন না শন। তাঁর ভাষ্য, অনেকে তাঁকে বোকা ভাবতে পারেন। তবে তিনি বা তাঁর পরিবারের সদস্যরা খুশি থাকলেই হলো। অন্যরা কী ভাবছেন, তা নিয়ে তাঁর মাথাব্যথা নেই।

‘মনের দিক থেকে এখনো কিশোর’
কিশোর বয়সে প্রথম গ্র্যান্ড থেফট অটো গেম খেলেছিলেন শন। এরপর থেকেই সিরিজটির ভক্ত তিনি। তাঁর মতে, কোনো কিছুর ভক্ত হওয়ার বয়সসীমা নেই। স্টার ওয়ার্সের প্রথম সিনেমা মুক্তির সময় যাঁরা ভক্ত হয়েছিলেন, নতুন সিনেমা এলেও তাঁরা বয়সের কারণে সেই ভক্তি হারান না।
জিটিএ ৫ মুক্তির সময় শন ছিলেন বিশের কোঠায়। এরপর নতুন সংস্করণের জন্য অপেক্ষা করেছেন ১৩ বছর। তিনি বলেন, জিটিএ ৫ শেষ করার পর থেকেই নতুন গেমটির জন্য অপেক্ষা করছিলেন। একই সময়ের ব্যবধান বজায় থাকলে জিটিএ ৭ মুক্তির সময় তাঁর বয়স হবে ৫১ বছর। তখনো মনের দিক থেকে নিজেকে কিশোরই মনে হবে বলে জানান তিনি।
গেম খেলার জন্য এক সপ্তাহের ছুটির প্রস্তুতিও নিয়েছেন আগেভাগে। ছুটির জন্য অর্থ জমিয়েছেন এবং প্রস্তুতি নিতে সপ্তাহান্তেও কাজ করেছেন। কোনো ছুটিতে যাওয়ার আগে যেমন প্রস্তুতি নেন, এবারও তেমনই করেছেন—তবে এবার কোথাও বেড়াতে না গিয়ে ঘরেই বসে গেম খেলবেন।
সাধারণত ছুটিতে স্পেনের বেনিদর্মের মতো পর্যটনকেন্দ্রে যাওয়ার বদলে এবার গেমের কাল্পনিক শহর ভাইস সিটিতেই সময় কাটাতে চান শন। তাঁর মতে, বেনিদর্মে ছুটি কাটানোর চেয়েও ভাইস সিটিতে গেম খেলা বেশি উপভোগ্য হবে।
সূত্র: বিবিসি