দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে জনপ্রিয় ভিডিও গেম সিরিজ ‘গ্র্যান্ড থেফট অটো’র নতুন সংস্করণ ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। মুক্তির পরপরই গেমটি নিয়ে উচ্ছ্বাসে মেতেছেন খেলোয়াড়েরা। গেমিংবিষয়ক বিভিন্ন ওয়েবসাইট ও সমালোচকের কাছ থেকেও মিলছে প্রশংসা। কেউ কেউ একে ‘মাস্টারপিস’ বা অনন্য সৃষ্টি হিসেবে অভিহিত করছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতে নিউজিল্যান্ডে প্রথম উন্মুক্ত করা হয় গেমটি। পরে সময় অঞ্চল অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়দের জন্য এটি চালু করা হয়।
গেমটির মুক্তি উপলক্ষে বিভিন্ন শহরে আয়োজন করা হয় উদ্যাপন অনুষ্ঠান। অনেক খেলোয়াড় গেমটি খেলার জন্য কর্মস্থল থেকে ছুটিও নিয়েছেন। কোনো কোনো প্রতিষ্ঠান কর্মীদের জন্য ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস। এটি তৈরিতে ব্যয় হয়েছে আনুমানিক ১০০ কোটি ডলার বা তারও বেশি। গেমটির প্রাথমিক সাফল্যের প্রভাব পড়েছে এর প্রকাশক টেক-টু ইন্টারঅ্যাকটিভের শেয়ারবাজারেও। বুধবার নিউইয়র্কে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে ৬ দশমিক ৫ শতাংশ।
জিটিএ ৬-এর গল্প আবর্তিত হয়েছে লুসিয়া কামিনোস ও জেসন ডুভাল নামের দুই চরিত্রকে ঘিরে। তারা অপরাধজগতের সঙ্গী, পাশাপাশি তাদের মধ্যে রয়েছে প্রেমের সম্পর্ক।
গেমটির পটভূমি কাল্পনিক ভাইস সিটি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরের আদলে তৈরি করা হয়েছে এই শহর। এর আগের সংস্করণ ‘গ্র্যান্ড থেফট অটো ৫’-এর পটভূমি ছিল কাল্পনিক লস সান্তোস, যা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের আদলে নির্মিত।
নতুন গেমে খেলোয়াড়েরা লুসিয়া ও জেসন—দুই চরিত্রের মধ্যে পালা করে খেলার সুযোগ পাবেন। এতে রয়েছে নাইটক্লাব, অস্ত্রের দোকান, পানির নিচে ডুব দেওয়া এবং চিড়িয়াখানাসহ নানা কার্যক্রম। অপরাধ, গাড়ি চালানো ও
বিশ্লেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত গেমটির ১ কোটি ৭০ লাখের বেশি কপি বিক্রি হয়েছে। এসব বিক্রি থেকে আয় হয়েছে ১৬৫ কোটি ডলারের বেশি। ১৯৯৭ সালে যাত্রা শুরুর পর থেকেই জিটিএ সিরিজ বিশ্বের সর্বাধিক বিক্রীত ভিডিও গেম সিরিজগুলোর একটি।
গেমিং শিল্পের বিশ্লেষকদের ধারণা, জিটিএ ৬-কে ঘিরে উন্মাদনা কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে। নিউইয়র্ক ইউনিভার্সিটির স্টার্ন স্কুল অব বিজনেসের সহযোগী অধ্যাপক জুস্ট ভ্যান ড্রুনেন গেমটিকে বর্তমান প্রজন্মের ‘স্টার ওয়ার্স’-এর সঙ্গে তুলনা করেছেন। তাঁর মতে, এটি এমন এক অভিজ্ঞতা, যাতে একই সময়ে বিশ্বের লাখো মানুষ অংশ নিতে চাইছেন।
গেমটির প্রাথমিক পর্যালোচনাও ইতিবাচক। গেমিংবিষয়ক ওয়েবসাইট মেটাক্রিটিকে জিটিএ ৬-এর স্কোর ৯৯-এ পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই স্কোর গেমটিকে মেটাক্রিকের সর্বকালের সেরা গেমের তালিকার শীর্ষস্থানীয় অবস্থানে নিয়ে এসেছে। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া নিনটেনডোর ‘দ্য লেজেন্ড অব জেল্ডা: ওকারিনা অব টাইম’ও একই স্কোর পেয়েছিল।
গেমস রাডার প্লাসের পর্যালোচনায় রকস্টারের তৈরি গেমজগতের বিশালতা, পরিধি ও মানের প্রশংসা করা হয়েছে। পিসি গেমসের মতে, ১৩ বছরের অপেক্ষার পর গেমটি পাওয়া সার্থক হয়েছে। বিভিন্ন গেমিং সংবাদমাধ্যমও একে ‘মাস্টারপিস’ হিসেবে উল্লেখ করেছে।
তবে গেমটির সামগ্রিক অভিজ্ঞতা নিয়ে চূড়ান্ত মূল্যায়নের জন্য আরও সময় প্রয়োজন। মূল কাহিনি শেষ করতে আনুমানিক ৫০ ঘণ্টা লাগতে পারে। গেমের গল্প, খেলার কঠিন মাত্রা কিংবা মুক্তির পর কোনো ত্রুটি—এসব বিষয় শেষ পর্যন্ত খেলোয়াড়দের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ বিক্রিতে প্রভাব ফেলতে পারে।
জিটিএ ৬ পাওয়া যাচ্ছে সনির প্লেস্টেশন ৫ এবং মাইক্রোসফটের এক্সবক্স সিরিজ এক্স ও সিরিজ এস কনসোলে।