আসছে মানুষের চেয়েও হাজার গুণ শক্তিশালী এআই, নতুন সতর্কবার্তা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সক্ষমতা এমন এক পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে, যেখানে তা মানুষের বুদ্ধিমত্তাকেও অনেক ক্ষেত্রে ছাড়িয়ে যেতে পারে। এমন সতর্কবার্তা দিয়েছেন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্ডার ওয়াং। তার মতে, কৃত্রিম সুপারইন্টেলিজেন্সের আবির্ভাব এখন আর দূরের কোনো সম্ভাবনা নয়; বরং তা খুব কাছেই।

রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ২৯ বছর বয়সী এই প্রযুক্তি কর্মকর্তা বলেন, ‘সুপারইন্টেলিজেন্স আসছে।’ আগামী এক বছরে মানবজাতি যেসব সিদ্ধান্ত নেবে, তা ভবিষ্যতের পৃথিবী কেমন হবে, সেটি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এআই প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের এক কর্মী তাদের তৈরি এআই মডেল ক্লড (Claude) ব্যবহার করে গণিতের অত্যন্ত জটিল সমস্যা ‘রিমান হাইপোথিসিস’ সমাধানের দাবি করার পর ওয়াংয়ের এই সতর্কবার্তা সামনে আসে।

ওয়াংয়ের মতে, এই অগ্রগতি মানুষের অর্জনকে বুদ্ধিবৃত্তিক সক্ষমতার দিক থেকে অনেক বড় ব্যবধানে ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। ভবিষ্যতের এআই মডেলগুলো নিজেদের সক্ষমতা নিজেরাই উন্নত করতে পারবে। পাশাপাশি জীববিজ্ঞান, অস্ত্র গবেষণা ও অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গবেষণার গতিও বহুগুণ বাড়িয়ে দিতে পারে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, কোনো এআই ব্যবস্থা যদি মানুষের হস্তক্ষেপ ছাড়াই ধারাবাহিকভাবে নিজের সক্ষমতা বাড়াতে থাকে, তাহলে একপর্যায়ে সেটিকে মানুষের নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে উঠতে পারে। এমনকি প্রতিটি ক্ষেত্রে মানুষের তুলনায় হাজার গুণ বেশি দক্ষ কোনো প্রযুক্তির আবির্ভাব ঘটলে প্রচলিত নিয়ন্ত্রণব্যবস্থা কার্যকর থাকবে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

মেটার এই কর্মকর্তা মনে করেন, এআইয়ের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এখন থেকেই নিরাপত্তা, প্রযুক্তির সঙ্গে মানুষের স্বার্থের সামঞ্জস্য এবং সাইবার সুরক্ষার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, এর দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার বিষয়েও পুরো শিল্প খাতকে নতুন করে ভাবতে হবে।

এআই নিয়ে প্রযুক্তি দুনিয়ায় অবশ্য মতভেদ রয়েছে। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এবং অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই উন্নত এআই তৈরির ক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন। প্রয়োজনে প্রযুক্তির উন্নয়নের গতি কিছুটা কমানোর বিষয়েও তারা আলোচনা করেছেন।

অন্যদিকে মেটার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ তুলনামূলকভাবে আশাবাদী অবস্থানে রয়েছেন। গত আগস্টে প্রকাশিত এক নিবন্ধে তিনি এআই নিয়ে অতিরিক্ত নেতিবাচক আলোচনার সমালোচনা করেন। তার মতে, এই প্রযুক্তি মানুষের সমৃদ্ধি, স্বাস্থ্য ও স্বাধীনতা বাড়ানোর নতুন সুযোগ তৈরি করতে পারে।

তবে ওয়াং মনে করেন, সুপারইন্টেলিজেন্সের আগমনকে অবশ্যম্ভাবী ধরে নিয়ে বসে থাকা ঠিক হবে না। সমাজের নিয়ন্ত্রণ এআইয়ের হাতে ছেড়ে দেওয়ার পরিবর্তে এমন প্রযুক্তি গড়ে তুলতে হবে, যা মানুষের ক্ষমতা ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ বাড়াবে।

তিনি বলেন, এআইয়ের ভবিষ্যৎ ইতিবাচক করা সম্ভব। তবে সে জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে প্রচলিত চিন্তাধারার বাইরে গিয়ে দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে এবং সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তথ্যসূত্র: আলজাজিরা।