পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছেন তিনি। দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসা নিশ্চিত করা না হলে তার হৃদযন্ত্রসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছেন ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতান।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে চিকিৎসক ফয়সাল সুলতান জানান, ইমরান খানের রক্তচাপ দ্রুত নিয়ন্ত্রণে আনা জরুরি। তার মতে, এ অবস্থায় দেরি না করে একজন হৃদরোগ অথবা কিডনি বিশেষজ্ঞের মাধ্যমে পরীক্ষা করানো প্রয়োজন। আগামী কয়েক দিনের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা না পেলে গুরুতর জটিলতা দেখা দিতে পারে।
৭৪ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। সম্প্রতি নিজের শারীরিক অবস্থা নিয়ে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের কাছে।
গত ১৬ নভেম্বর প্রকাশিত ওই চিঠিতে ইমরান দাবি করেন, তার ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় ৮৫ শতাংশ কমে গেছে। পাশাপাশি রক্তচাপও বিপজ্জনক পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। কারাগারে দীর্ঘ সময় একাকী অবস্থায় থাকতে হচ্ছে বলেও অভিযোগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ফয়সাল সুলতানের ভাষ্য, দীর্ঘ সময় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে থাকলে হৃদযন্ত্রকে অতিরিক্ত চাপ নিয়ে কাজ করতে হয়। এতে হৃদযন্ত্রের পেশিতে পরিবর্তন আসার পাশাপাশি কিডনির কার্যক্ষমতা ও চোখের রেটিনাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
তিনি আরও মনে করেন, দীর্ঘদিন সামাজিক যোগাযোগ ও স্বাভাবিক পরিবেশ থেকে বিচ্ছিন্ন থাকা ইমরানের শারীরিক সমস্যাকে আরও জটিল করে তুলতে পারে। তাই তার ব্যক্তিগত চিকিৎসকদের দ্রুত সাক্ষাতের সুযোগ দেওয়া প্রয়োজন।
এর আগে গত ১০ ও ১১ নভেম্বরের মধ্যবর্তী রাতে চোখের চিকিৎসার জন্য ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়। এ তথ্য আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সও প্রকাশ করে।
তবে ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের বিপরীতে পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভিন্ন বক্তব্যও এসেছে। সরকারি সূত্রের দাবি, কারাগারে তার স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ফলে তার প্রকৃত শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক ও চিকিৎসা মহলে আলোচনা অব্যাহত রয়েছে।
ইমরান খানের দীর্ঘদিনের চিকিৎসক ফয়সাল সুলতান মনে করেন, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসা নিশ্চিত করা উচিত।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস
চীনা গুপ্তচরদের চাকরির ফাঁদে মার্কিন কর্মকর্তারা
আফগানিস্তানে চলতি বছরে মাইন বিস্ফোরণে শিশুসহ ২৫৭ জনের মৃত্যু
ইউক্রেনের কিয়েভে রুশ হামলায় প্রাণহানি ১৫