কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) হাতে মানবজাতির স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছেড়ে দেওয়ার ধারণার বিরোধিতা করেছেন অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই। তাঁর মতে, এআইকে কোনোভাবেই মানুষের ওপর শাসন বা বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব দেওয়া উচিত নয়। বরং এ প্রযুক্তির ব্যবহার বৈধ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার আওতায় রাখতে হবে।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া দীর্ঘ এক পোস্টে আমোদেই এ অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, মানুষের স্বাধীন ইচ্ছা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এআইয়ের হাতে তুলে দেওয়ার পক্ষে তিনি নন। দীর্ঘদিন ধরেই তিনি বলে আসছেন, এআইয়ের মতো অত্যাধুনিক প্রযুক্তির ওপর বৈধ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন।
অ্যানথ্রপিকের ভেতরে এআইকে কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়ার বিষয়ে একধরনের ঐকমত্য তৈরি হয়েছে—এমন একটি প্রতিবেদন প্রকাশ করে সংবাদমাধ্যম অ্যাক্সিওস। ওই প্রতিবেদনের জবাবে আমোদেই বলেন, তিনি যদি এ ধরনের ধারণাকে ভালো মনে করতেন, তাহলে প্রকাশ্যেই এর পক্ষে কথা বলতেন। অতীতে অনেক অজনপ্রিয় মতামত প্রকাশ করতেও তিনি দ্বিধা করেননি। কিন্তু এআইয়ের হাতে শাসনব্যবস্থার কর্তৃত্ব তুলে দেওয়াকে তিনি ভয়াবহ ধারণা বলে মনে করেন।
আমোদেইয়ের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীরা বলছেন, এআই খুব শিগগিরই মানুষের সমপর্যায়ের কিংবা তার চেয়েও বেশি বুদ্ধিমত্তা অর্জন করতে পারে। মানুষের বুদ্ধিমত্তার সমান বা তার চেয়ে উন্নত সক্ষমতাসম্পন্ন এআইকে যথাক্রমে কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) এবং কৃত্রিম অতিমানবীয় বুদ্ধিমত্তা (এএসআই) বলা হয়।
এ ধরনের প্রযুক্তি মানবকল্যাণে ব্যবহার করা সম্ভব হবে কি না, নাকি তা মানবজাতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে—এ নিয়ে সিলিকন ভ্যালিসহ বিশ্বজুড়ে বিতর্ক চলছে। এআই নিরাপত্তা নিয়ে কাজ করা ব্যক্তিরা আশঙ্কা করছেন, অ্যানথ্রপিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি উন্নত মডেল একসময় মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিশেষ করে এআই যখন মানুষের সরাসরি নির্দেশনা ছাড়াই নিজের সক্ষমতা বাড়াতে শুরু করবে, তখন ঝুঁকি আরও বাড়তে পারে। এ প্রক্রিয়াকে বলা হয় ‘রিকর্সিভ সেলফ-ইমপ্রুভমেন্ট’ বা ধারাবাহিক স্ব-উন্নয়ন।
আমোদেই তাঁর পোস্টে এআইকে নির্দিষ্ট কিছু কাজের দায়িত্ব দেওয়া এবং মানবসভ্যতার সামগ্রিক নিয়ন্ত্রণ তার হাতে তুলে দেওয়ার মধ্যে পার্থক্য তুলে ধরেন। তাঁর মতে, এআইয়ের মাধ্যমে গাড়ি চালানো, ক্যানসারের ওষুধ উদ্ভাবন কিংবা শুরু থেকে শেষ পর্যন্ত সফটওয়্যার তৈরি করা এক বিষয়; আর বৈশ্বিক শাসনব্যবস্থার নিয়ন্ত্রণ এআইয়ের হাতে দেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়।
তিনি বলেন, এআই দিয়ে আরও বড় বা পূর্ণাঙ্গ কাজ করানো অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারে। সফটওয়্যার, চিকিৎসা, পরিবহন ও জ্বালানিসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতিও সম্ভব। অনেক ক্ষেত্রে এআইয়ের এমন ব্যবহার কাম্য এবং এতে বহু মানুষের জীবন বাঁচানো যেতে পারে। তবে এর কিছু নেতিবাচক দিকও রয়েছে। সব ক্ষেত্রে এ ধরনের প্রযুক্তি ব্যবহার করা উপযুক্ত নাও হতে পারে।
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বুধবার অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, অ্যানথ্রপিকের কয়েকজন শীর্ষ কর্মকর্তা মনে করেন, যেসব কাজ এআই মানুষের চেয়ে ভালো করতে পারে—যেমন রোগ নিরাময়—সেসব ক্ষেত্রে এআইয়ের হাতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা না দেওয়াটা অযৌক্তিক, এমনকি অনৈতিকও হতে পারে।
এআই নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ
এভিটেবল নামের একটি অলাভজনক সংস্থার প্রতিষ্ঠাতা ডেভিড ক্রুগার এআইয়ের হাতে মানুষের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁর সংস্থাটি কৃত্রিম অতিমানবীয় বুদ্ধিমত্তা (এএসআই) তৈরির বিরোধিতা করে।
আলজাজিরাকে ক্রুগার বলেন, আমোদেই যদি সত্যিই মনে করেন যে উন্নত এআই মডেলের ওপর মানুষের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি রয়েছে, তাহলে অ্যানথ্রপিকের উচিত তাদের এ-সংক্রান্ত কাজ স্থগিত করা।
ক্রুগারের মতে, এআইয়ের কাছে নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার বিষয়ে মানুষকে সচেতনভাবে সম্মতি জানাতে হবে, এমন নয়। এআইয়ের সক্ষমতা যত বাড়বে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব থেকে মানুষকে সরিয়ে দেওয়ার চাপও তত বাড়বে।
তিনি আরও বলেন, আমোদেইয়ের নিজের প্রতিষ্ঠানের গবেষকেরাও সতর্ক করছেন যে, এআইয়ের সক্ষমতা বাড়ছে মানুষের তা নিয়ন্ত্রণ করার সামর্থ্যের চেয়ে দ্রুত। এ কারণে উন্নত এআই তৈরির কার্যক্রমে অবিলম্বে এবং অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক স্থগিতাদেশ প্রয়োজন।
২০২৮ সালের আগেই এজিআই আসার সম্ভাবনা
এজিআই ও এএসআইয়ের সর্বজনস্বীকৃত কোনো সংজ্ঞা এখনো নেই। তবে গত এক সপ্তাহে প্রযুক্তি খাতের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ইঙ্গিত দিয়েছেন, এ ধরনের সক্ষমতা অর্জনের সময় খুব কাছাকাছি।
গুগল ডিপমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা ও এজিআইবিষয়ক প্রধান বিজ্ঞানী শেন লেগ বুধবার বলেছেন, ২০২৮ সালের আগেই ‘ন্যূনতম পর্যায়ের’ এজিআই আসার সম্ভাবনা ৫০ শতাংশের বেশি বলে তিনি মনে করেন। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, সেই সময় এখন খুব কাছাকাছি।
এর আগে রোববার মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্দ্র ওয়াং বলেন, কৃত্রিম অতিমানবীয় বুদ্ধিমত্তার আবির্ভাব ঘটছে। এর পক্ষে তিনি অ্যানথ্রপিকের এক কর্মীর ক্লদ এআই ব্যবহার করে গণিতের অন্যতম কঠিন সমস্যা ‘রিম্যান হাইপোথিসিস’ সমাধানের ঘোষণার কথা উল্লেখ করেন।
ওয়াংয়ের মতে, আগামী এক বছরে মানবজাতি যেসব সিদ্ধান্ত নেবে, তা ভবিষ্যতের পৃথিবী কেমন হবে, সে বিষয়ে বড় প্রভাব ফেলবে।
সূত্র: আল-জাজিরা