যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের উপকূলে মেক্সিকো উপসাগরে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা দুটি পরিবারের সদস্য। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুর্ঘটনার পর কয়েক ঘণ্টার তল্লাশি চালিয়ে তাঁদের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, তা তদন্ত করছে কর্তৃপক্ষ।
নিহত ব্যক্তিরা লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স লেকফ্রন্ট বিমানবন্দর থেকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে নিজেদের বাড়িতে ফিরছিলেন। স্বজনেরা জানিয়েছেন, তাঁরা একসঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে।
উড়োজাহাজটির পাইলট ছিলেন ৫০ বছর বয়সী ব্রেন্ট স্টোকস। জ্যাকসন কাউন্টির করোনার ব্রুস লিন্ড জুনিয়র জানান, স্টোকস ফোর্ট মায়ার্সভিত্তিক একটি মেরিন কন্ট্রাক্টিং প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ছিলেন। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে তাঁকে আগ্রহী মৎস্যশিকারি ও দীর্ঘদিনের নৌযানচালক হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।
নিহত অন্য পাঁচজন হলেন স্টোকসের ১৬ বছর বয়সী ছেলে হান্টার, তাঁর বোন ৪৩ বছর বয়সী আর্লিন নক্স, আর্লিনের স্বামী ৪৩ বছর বয়সী মাইকেল নক্স এবং তাঁদের দুই ছেলে ১২ বছর বয়সী চার্লস হোল্ডেন নক্স ও ১০ বছর বয়সী ট্রুয়েট নক্স।
করোনার ব্রুস লিন্ড জানান, ব্রেন্ট স্টোকস ও মাইকেল নক্সের ময়নাতদন্ত করা হচ্ছে। মাইকেল নক্সেরও উড়োজাহাজ চালানোর বৈধ সনদ ছিল।
উদ্ধারকর্মীরা প্রথমে পানিতে তিনটি লাইফ জ্যাকেট, একটি লাইফ র্যাফট এবং উড়োজাহাজের কেবিনের অংশ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে ডুবুরিরা উড়োজাহাজের মূল কাঠামোর ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেন।
সেসনা-২১০ মডেলের উড়োজাহাজটি মিসিসিপির পাস্কাগোলা শহর ও হর্ন আইল্যান্ডের মধ্যবর্তী মেক্সিকো উপসাগরে বিধ্বস্ত হয়। হর্ন আইল্যান্ড গালফ আইল্যান্ডস ন্যাশনাল সিশোরের অন্তর্ভুক্ত।
স্টোকস ও নক্স পরিবারের পক্ষ থেকে অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, তাঁরা যে কাজটি ভালোবাসতেন, সেটিই করতে গিয়ে মারা গেছেন। মাছ ধরার আনন্দময় ভ্রমণের মধ্য দিয়ে ছুটির মৌসুমের সূচনা উদ্যাপন করে পরিবারের অন্য সদস্যদের কাছে ফিরছিলেন তাঁরা।
খারাপ আবহাওয়ার প্রভাব ছিল কি না, তদন্ত
যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানায়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে আলাবামার মোবাইল এলাকার আকাশসীমা নিয়ন্ত্রণ টাওয়ার উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ হারানোর খবর জানায়। এর কিছুক্ষণ আগে গালফপোর্ট-বিলোক্সি আন্তর্জাতিক বিমানবন্দরের একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার পাইলটকে ওই এলাকায় বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার বিষয়ে সতর্ক করেছিলেন।
ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য বিশ্লেষণ করে অবসরপ্রাপ্ত বিমানচালক স্টিভেন অ্যারোইয়ো জানান, উড়োজাহাজটি প্রায় ৯ হাজার ফুট বা ২ হাজার ৭৪৩ মিটার উচ্চতায় উড়ছিল। এ উচ্চতা মেঘের নিচের স্তরের ওপরে ছিল। একপর্যায়ে এটি দ্রুত নিচে নামতে শুরু করে এবং ডান দিকে মোড় নেয়।
৫০ বছরের উড্ডয়ন অভিজ্ঞতাসম্পন্ন অ্যারোইয়ো এপিকে বলেন, উড়োজাহাজটির এমন আচরণ ছিল অত্যন্ত অস্বাভাবিক। তাঁর ধারণা, উড়োজাহাজটিতে গুরুতর কোনো সমস্যা দেখা দিয়েছিল।
তবে বোয়িংয়ের সাবেক নিরাপত্তা প্রকৌশলী ও উড়োজাহাজ চলাচল বিশেষজ্ঞ টড কার্টিস বলেন, প্রকাশ্যে পাওয়া বেতার যোগাযোগের রেকর্ডে অস্বাভাবিক কিছু চোখে পড়েনি।
তিনি অবশ্য সতর্ক করে বলেন, তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকলে বৃষ্টিপাতের কারণে উড়োজাহাজের গায়ে বরফ জমতে পারে। এতে উড়োজাহাজের বিভিন্ন যন্ত্রের পাঠ ভুল হতে পারে কিংবা উড্ডয়ন ধরে রাখার সক্ষমতা কমে যেতে পারে। তবে বিধ্বস্ত উড়োজাহাজটিতে বরফ জমা ঠেকানোর ব্যবস্থা ছিল কি না, তা এখনো জানা যায়নি।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। প্রতিকূল আবহাওয়া এর পেছনে ভূমিকা রেখেছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা
২৭ হুথি সদস্যকে হত্যা করার দাবি ইয়েমেনের
সৌদি হামলায় বিপর্যয়ের মুখে ইয়েমেনের প্রধান বন্দর
স্বাস্থ্যসেবা নিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে বসতে চান ট্রাম্প