বাংলাদেশের গর্ব হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থীদের নির্মিত ফর্মুলা-স্টাইল রেসিং কার। চীনের হেনান প্রদেশের ঝেংঝো শহরে আগামী ৮ থেকে ১২ অক্টোবর অনুষ্ঠিতব্য ‘ফর্মুলা স্টুডেন্ট চায়না ২০২৫’ প্রতিযোগিতায় অংশ নেবে এই রেসিং কার। এ প্রতিযোগিতায় রাশিয়া, ইতালি, চীনসহ ১৪টি দেশের ৭০টিরও বেশি বিশ্ববিদ্যালয় অংশ নেবে।
এই কার নির্মাণে নেতৃত্ব দিয়েছেন আইইউটির মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। দীর্ঘ তিন বছর গবেষণা ও প্রস্তুতির পর তারা নিজেদের ডিজাইন ও প্রযুক্তিতে তৈরি করেছেন একটি সম্পূর্ণ কার্যকর ফর্মুলা-স্টাইল রেসিং কার। এতে ব্যবহৃত হয়েছে কেটিএম ৩৯০ সিসি ইঞ্জিন, স্টেইনলেস স্টিল ওয়েল্ডেড স্পেসফ্রেম চ্যাসি, ডাবল এ-আর্ম সাসপেনশন এবং ৯১ অকটেন জ্বালানি। কারটির দৈর্ঘ্য ৩১৮১ মিমি, প্রস্থ ১৪০৯ মিমি এবং উচ্চতা ১০৩৯ মিমি।
কারটির নির্মাণ ব্যয় হয়েছে প্রায় ১২ লাখ টাকা, যা সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে সংগ্রহ করা হয়েছে। তারা জানিয়েছেন, ইঞ্জিন ব্যতীত কারটির অন্যান্য সকল উপাদান বাংলাদেশেই তৈরি।
এর আগে এই টিম ফর্মুলা ভারত ২০২৩ (কনসেপ্ট ক্লাস)-এ ৩য় স্থান এবং ফর্মুলা ইম্পেরিয়াল ২০২৪-এ ৭ম স্থান অর্জন করেছে। তবে ‘ফর্মুলা স্টুডেন্ট চায়না’ হবে তাদের জন্য সবচেয়ে বড় আন্তর্জাতিক চ্যালেঞ্জ।
এই প্রতিযোগিতায় শুধু গতি নয়, বরং ডিজাইন, খরচ বিশ্লেষণ, ব্যবসায়িক পরিকল্পনা ও প্রযুক্তিগত দক্ষতার ওপর ভিত্তি করে দলগুলোকে মূল্যায়ন করা হবে। প্রতিযোগিতা দুটি ভাগে অনুষ্ঠিত হবে স্থির ইভেন্ট (ডিজাইন, খরচ, ব্যবসা উপস্থাপনা) এবং গতিশীল ইভেন্ট (অ্যাক্সেলারেশন, স্কিড প্যাড, অটো ক্রস ও এন্ডিউরেন্স টেস্ট)।
টিম লিডার আনসানুল আমীন বলেন, ‘এটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। এখন সেটা বাস্তব হতে চলেছে। আমরা শুধু অংশ নিতে নয়, প্রতিযোগিতা করে অভিজ্ঞতা অর্জন, দক্ষতা বৃদ্ধি এবং দেশের জন্য গৌরব অর্জন করতেই যাচ্ছি।’
সিনিয়র রিসার্চার রিদোয়ান ইবনে সিদ্দিক বলেন, ‘এই প্রকল্পে অংশগ্রহণ শুধু আমাদের প্রযুক্তিগত সক্ষমতাই নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থানকেও শক্তিশালী করবে।’
আইইউটির মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক আহসান হাবিব বলেন, ‘এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার বাইরে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন গর্বের, তেমনি দেশের জন্যও সম্মানের।’
‘ফর্মুলা আইইউটি’ টিমে শুধু মেকানিক্যাল নয়, ইলেকট্রিক্যাল, সফটওয়্যার, আইপিই এবং বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরাও যুক্ত ছিলেন। দলটির সদস্যরা আশা করছেন, ফর্মুলা স্টুডেন্ট চায়না ২০২৫-এ ভালো ফলাফল এনে বাংলাদেশকে বিশ্বমঞ্চে গর্বিত করতে পারবেন।