রাফসানের ব্লু ড্রিংসের নিবন্ধন নেই, বিএসটিআইয়ের জরিমানা

আলোচিত ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাই খ্যাত ইফতেখার রাফসানের ব্লু ড্রিংকস অননুমোদিত একটি কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা বিসিক এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। 

গত ২৪ এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিংকস কারখানায় ওই অভিযান পরিচালনা করা হলেও শুক্রবার (১৭ মে) খবরটি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি সামনে আসে। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ফারহানা নাসরিন। প্রতিষ্ঠানটিকে নিবন্ধন ব্যতীত ইলেক্ট্রোলাইট ড্রিংক পণ্য প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাত করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন -২০১৮’ এর ৪১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সূত্র জানায়, ফুড রিভিউ করার মাধ্যমে ২০১৭ সালে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু রাফসানের। কয়েকদিন আগে এই তরুণ তার বাবা-মাকে ২ কোটি টাকা দামের একটি অডি গাড়ি উপহার দিয়ে ঝড় তুলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত সপ্তাহে সেই ভিডিও তার চ্যানেলে প্রচারিত হয়েছে।  

এরপরেই সাইয়েদ আবদুল্লাহ নামে একজন ফেসবুকে রাফসানের বাবা ও মায়ের মালিকানাধীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে তিন কোটি ১৫ লাখ টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগ তুলেন। ব্যাংক ঋণ নিয়ে না দেওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। পরে তারা জামিন নিলেও সম্পত্তি নিলামের আদেশ হয়। কিন্তু সেই আদেশ হাইকোর্টে রিট করে আটকে দিয়েছেন তারা। 

নাম প্রকাশে অনিচ্ছুক বিএসটিআই কুমিল্লার এক কর্মকর্তা দৈনিক খবর সংযোগকে জানান, ব্লু ইলেকট্রোলাইট ড্রিংস বাজারে খুব পরিচিত পানীয় হলেও এর নিবন্ধন নেই। মেসার্স ড্রিংকব্লু বেভারেজ এর পণ্য ‘ব্লু ইলেকট্রোলাইট ড্রিংস’ বাজারজাত করা হলেও তার উৎপাদন ও বাজারজাত করার অনুমোদন না থাকায় আমরা সেখানে অভিযান পরিচালনা করি। এসময় তাদেরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর ব্লু নামে ইলেকট্রোলাইট ড্রিংক ব্লু বাজারজাত করার ঘোষণা দেন আলোচিত ইউটিউবার রাফসান, যিনি রাফসান দ্য ছোট ভাই হিসেবে পরিচিত। তখন লিচু ও তরমুজের ফ্লেভার নিয়ে দুই ক্যাটাগরিতে তারা দেশের বিভিন্ন পয়েন্টে বাজারজাত শুরু করে।