মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন তামিম ইকবাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ জয়ের পর এখন সবার নজর নতুন মন্ত্রিসভার দিকে। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে জোরালো গুঞ্জন ছড়িয়েছে যে, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নতুন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। তবে এসব আলোচনাকে পুরোপুরি ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন দেশসেরা এই ওপেনার।

নির্বাচনে সরাসরি অংশগ্রহণ না করলেও বিএনপি প্রার্থীদের নির্বাচনি প্রচারণায় তামিমকে সক্রিয় দেখা গেছে। বিএনপি ক্ষমতায় আসার পর গুঞ্জন ওঠে—নির্বাচন না করলেও ‘টেকনোক্র্যাট’ কোটায় তামিম ইকবালকে ক্রীড়া প্রতিমন্ত্রী বা মন্ত্রণালয়ের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই খবরটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

বিষয়টি নিয়ে বিভ্রান্তি দূর করতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তামিম ইকবাল। তিনি লেখেন, ‘আজ সারাদিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি, যা পুরোপুরি মিথ্যা। এমন কোনো প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।’

উল্লেখ্য, ৩৬ বছর বয়সে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন তামিম ইকবাল। গত ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম–৯ আসনে ভোট দেওয়ার পর তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তিনি আনন্দিত। তবে সরাসরি রাজনীতিতে আসা বা সংসদ সদস্য হওয়ার দৌড়ে এবার তাঁকে দেখা যায়নি।

তামিমের পাশাপাশি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামের নাম নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। আমিনুল ঢাকা-১৬ আসনে নির্বাচন করলেও জয়ী হতে পারেননি। তিনিও টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে নেটিজেনদের মধ্যে গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।