ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘরের মাঠে শিরোপা জয়ের স্বপ্ন বেঁচে রইলো ভারতের। ‘ডু অর ডাই’ ম্যাচে ক্যারিবীয়দের হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে তারা। বিপরীতে শিরোপা পুনরুদ্ধারে অপেক্ষা বাড়ল ওয়েস্ট ইন্ডিজের।

অঘোষিত কোয়ার্টার ফাইনাল হয়ে দাঁড়ানো সুপার এইটের শেষ ম্যাচে ক্যারিবীয়দের ৫ উইকেটে হারিয়েছে ভারত। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ-১ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে উঠলো ম্যান ইন ব্লুরা।

অথচ ৪ উইকেটে ১৯৫ রাবের বড় পুঁজি গড়ে জয়ের স্বপ্নই দেখছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে সঞ্জু স্যামসনের ১২ চার ও ৪ ছক্কার ৫০ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংসে ভর করে ১৯.২ ওভারেই তা পেরিয়ে যায় ভারত।

রান তাড়ায় অবশ্য শুরুতেই ফেরেন ওপেনার অভিষেক শর্মা। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে আউট হন ইষাণ কিষাণও। দুজনই আউট হন সমান ১০ রান নিয়ে। এরপর হাল ধরেন সঞ্জু ও সূর্য কুমার যাদব।

দুজন মিলে গড়েন ৫৮ রানের জুটি। যেখানে ১৬ বলে ১৮ রান ছিল সূর্য কুমারের। চারে নেমে তিলক ভার্মা ভালো শুরু করলেও বড় হয়নি ইনিংস, ১৫ বলে ২৭ রান করে আউট হন তিনি। ১৪ বলে ১৭ রানে ফেরেন হার্দিক

সঞ্জু অবশ্য খেলতে থাকেন নিজের মতোই, দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। আর ৮ রানে অপরাজিত থাকেন শিবম দুবে। বল হাতে জেসন হোল্ডার ও শামার জোসেফ নেন ২টি করে উইকেট।

এর আগে ইডেন গার্ডেনে ব্যাট করতে নেমে ভালো সূচনা পায় ক্যারিবীয়রা। উদ্বোধনী জুটিতে আসে ৬৮ রান। ৩৩ বলে ৩২ রান করে আউট হন শাই হোপ। রোস্টন চেজের ব্যাট থেকে আসে ২৫ বলে ৪০ রান।

তবে থিতু হতে পারেননি শিমরন হেটমায়ার (১২ বলে ২৭) ও শেরফাইন রাদারফোর্ড (৯ বলে ১৪)। তবে শেষদিকে ঝড় তোলেন রোভম্যান পাওয়েল ও জেসন হোল্ডার। দুজন মিলে গড়েন ৬০ রানের জুটি।

তাতেই বড় সংগ্রহ পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৯ বলে ৩৪ রানে পাওয়েল ও ২২ বলে ৩৭ রানে হোল্ডার অপরাজিত থাকেন। ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ নেন ৩টি উইকেট।