বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের ১০ পদক

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০০ পিএম

ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২৩ বিমসটেক অ্যাথলেটিকস প্রতিযোগিতায় দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। দুটি রুপা ও আটটি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জিতে প্রতিযোগিতার পদক তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের অ্যাথলেটরা। ব্যক্তিগত ইভেন্টের পাশাপাশি রিলেতেও পদক জিতেছেন তাঁরা।

শুক্রবার (২৭ নভেম্বর) তিন দিনের এই প্রতিযোগিতার শেষ দিনে সাতটি পদক জিতে বাংলাদেশের মোট পদকসংখ্যা ১০-এ পৌঁছায়। প্রতিযোগিতার আয়োজক ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলে এই আসর। শনিবার (২৮ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও অ্যাথলেটিকস সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশের হয়ে সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়েছেন স্বপ্না আক্তার। মেয়েদের লংজাম্পে ৬ দশমিক ০৮ মিটার লাফিয়ে রুপা জেতেন তিনি। এর আগে মেয়েদের ট্রিপল জাম্পেও রুপা জিতেছিলেন এই অ্যাথলেট। ফলে একাই দুটি রুপা এনে দেন বাংলাদেশকে।

প্রতিযোগিতার শেষ দিনে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জ জিতেছেন একাধিক অ্যাথলেট। মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টে দেওয়ান সুমাইয়া ২৪ দশমিক ৭৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন। মেয়েদের শটপুটে সুলতানা জাকিয়া ১২ দশমিক ৬৪ মিটার দূরে বল নিক্ষেপ করে ব্রোঞ্জ জেতেন। ছেলেদের জ্যাভলিন থ্রোতে ৬৪ দশমিক ৭৫ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ পান খান মোহাম্মদ হাসিব।

এ ছাড়া দলীয় ইভেন্টেও সাফল্য পেয়েছে বাংলাদেশ। মেয়েদের ৪×১০০ মিটার রিলেতে ৪৭ দশমিক ৮৩ সেকেন্ড, ছেলেদের ৪×১০০ মিটার রিলেতে ৪২ দশমিক ০৪ সেকেন্ড, মেয়েদের ৪×৪০০ মিটার রিলেতে ৩ মিনিট ৫৬ দশমিক ৬০ সেকেন্ড এবং ছেলেদের ৪×৪০০ মিটার রিলেতে ৩ মিনিট ১৭ দশমিক ৩৭ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জেতে বাংলাদেশের দলগুলো।

ছয় দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পদক তালিকার শীর্ষে রয়েছে স্বাগতিক ভারত। তাদের সংগ্রহ ৪৭টি পদক, যার মধ্যে ২২টি স্বর্ণ, ১৮টি রুপা ও সাতটি ব্রোঞ্জ। ১০টি স্বর্ণসহ মোট ৩৮টি পদক নিয়ে দ্বিতীয় হয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের পর চতুর্থ স্থানে থাকা নেপাল পেয়েছে একটি ব্রোঞ্জ। ভুটান ও মিয়ানমার কোনো পদক জিততে পারেনি।

তিন দিনের এই প্রতিযোগিতায় ছয় দেশের দুই শতাধিক অ্যাথলেট অংশ নেন। মোট ৩২টি স্বর্ণপদকের জন্য লড়াই হয়। আঞ্চলিক পর্যায়ে তরুণ অ্যাথলেটদের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন এবং দেশগুলোর মধ্যে ক্রীড়া সম্পর্ক জোরদারের লক্ষ্যেই আয়োজন করা হয় এই আসর।

বিএইচবি
আরও পড়ুন
সর্বশেষপঠিত