বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস’-এ এবার টেনিসের জয়জয়কার।
সোমবার (২০ এপ্রিল) রাতে স্পেনের রাজধানী মাদ্রিদের ঐতিহাসিক সিবেলেস প্যালেসে এক জমকালো অনুষ্ঠানে বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতে নিয়েছেন টেনিস বিশ্বের দুই বর্তমান মহাতারকা কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা। বিশ্বজুড়ে ‘খেলাধুলার অস্কার’ হিসেবে পরিচিত এই পুরস্কার এবার দুই টেনিস তারকার ক্যারিয়ারে প্রথম লরিয়াস স্বীকৃতি।
গত বছর ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জিতে টেনিস বিশ্বে নিজের রাজত্ব কায়েম করা স্প্যানিশ তরুণ কার্লোস আলকারাজ বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন। পুরস্কার গ্রহণের পর উচ্ছ্বসিত আলকারাজ বলেন, ‘যারা খেলাধুলা এত গভীরভাবে বোঝেন, তাদের কাছ থেকে এ স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত অর্থবহ। এই রাতটি সারাজীবন আমার হৃদয়ে গেঁথে থাকবে।’
অন্যদিকে, বেলারুশিয়ান তারকা আরিনা সাবালেঙ্কা তার দুর্দান্ত ইউএস ওপেন জয়ের স্বীকৃতিস্বরূপ বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন। মঞ্চে আবেগাপ্লুত সাবালেঙ্কা বলেন, ‘কিংবদন্তি খেলোয়াড়দের পাশে নিজের নাম দেখে আমি এখনো কাঁপছি। এটা ভাবতেই অবিশ্বাস্য লাগছে।’
ফুটবল বিশ্বেও বইছে খুশির জোয়ার। বার্সেলোনার ১৮ বছর বয়সী উইঙ্গার লামিন ইয়ামাল জিতেছেন ‘লরিয়াস ওয়ার্ল্ড ব্রেকথ্রু অফ দ্য ইয়ার’ বা বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার। পুরস্কার পেয়ে সতীর্থ ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তিনি তাঁর আদর্শ লিওনেল মেসিকে স্মরণ করেন।
ইয়ামাল বলেন, ‘আমার কাছে লিওনেল মেসিই ইতিহাসের সেরা খেলোয়াড়। তিনি এমন একজন আদর্শ যাকে পুরো বিশ্ব সম্মান করে।’
জমকালো এই অনুষ্ঠানে ক্রীড়া বিশ্বের নামিদামি সব তারকা ও অতিথিদের পদচারণায় মুখর ছিল মাদ্রিদ। এই লরিয়াস বিজয়ীদের তালিকায় আলকারাজ, সাবালেঙ্কা ও ইয়ামালের নাম অন্তর্ভুক্ত হওয়া তাঁদের ব্যক্তিগত ক্যারিয়ারে এক নতুন মাইলফলক হিসেবে গণ্য হচ্ছে।