অ্যালেক্স ফ্রিম্যানের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২–০ গোলের লিড নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ফ্রি-কিক থেকে বল প্রথমে চলে আসে সের্হেনিও দেস্তের কাছে। বক্সের প্রান্ত থেকে নেওয়া তার শট প্রতিপক্ষের গায়ে লেগে ওপরে উঠে যায়। সেই বলেই মাথা ছুঁইয়ে গোল করেন ফ্রিম্যান।
শুরুতে অবশ্য গোল দেননি রেফারি। পরে ভিএআরের পর্যালোচনার পর রেফারিকে জানানো হয়, ফ্রিম্যান অফসাইডে ছিলেন না।
সিদ্ধান্ত মিলতেই ফ্রিম্যান ও তার সতীর্থরা উদ্যাপনে মেতে ওঠেন। এই ব্যবধান ধরে রেখেই পরে বিরতিতে গেছে অস্ট্রেলিয়া।
এর আগে সিয়াটলে ম্যাচের শুরুতেই অস্ট্রেলিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে গেলো মার্কিন যুক্তরাষ্ট্র।
ম্যাচের ১১ মিনিটে আত্মঘাতী গোলটি করেন অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্জেস।
বালোগুন বাঁ প্রান্ত দিয়ে দুর্দান্ত স্প্রিন্টে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ছয় গজের বক্সের দিকে এগিয়ে যান। এরপর মাঝখানে নিচু করে একটি পাস বাড়ান। কিন্তু সেটি ক্লিয়ার করতে গিয়ে অস্ট্রেলিয়ার ডিফেন্ডার বার্জেস ভুল করে বল নিজের জালে জড়িয়ে দেন।