যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানি কুস্তিগিরদের বিশ্বজয়

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পিএম

যুক্তরাষ্ট্রের মাটিতে অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের পর ইরানের গ্রিকো-রোমান কুস্তি দলকে অভিনন্দন জানিয়েছেন দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা। পৃথক বার্তায় তারা কুস্তিগিরদের দৃঢ়সংকল্প, পরিশ্রম ও আন্তর্জাতিক অঙ্গনে এই সাফল্যের প্রশংসা করেন।

১২ থেকে ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তিনটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ পদক জিতে মোট ১১৯ পয়েন্ট অর্জন করে ইরান। এর মধ্য দিয়ে কাজাখস্তান ও রাশিয়াকে পেছনে ফেলে শিরোপা নিশ্চিত করে দেশটি।

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতে এই জয় ইরানি তরুণদের দৃঢ়সংকল্প ও নিজেদের সক্ষমতার প্রতি আস্থার শক্তিশালী প্রকাশ। তাঁর ভাষায়, এই অর্জন ‘আমরা পারি’, এই প্রত্যয়কে তুলে ধরেছে। বিশ্বাস, প্রতিভা ও অধ্যবসায়ের মাধ্যমে ইরানের তরুণেরা যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারেন, তা এই সাফল্যের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সংসদ স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কুস্তিগিরেরা দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। আন্তর্জাতিক অঙ্গনে ইরানের নাম ও জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় তাঁদের সাফল্যের প্রশংসা করেন তিনি। গালিবাফের মতে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, সুনির্দিষ্ট পরিকল্পনা, কোচদের নিষ্ঠা এবং ক্রীড়াবিদদের কঠোর পরিশ্রম দলটির এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই এই জয়কে বড় অর্জন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই সাফল্য যুক্তরাষ্ট্রের আগ্রাসী ও অহংকারী নেতৃত্বের প্রতি স্পষ্ট বার্তা দিয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ইরানিদের ইচ্ছাশক্তিকে কোনো ভূখণ্ডে বা কোনো বাধার আড়ালেই পরাজিত করা সম্ভব নয়। বিশ্বজুড়ে আধিপত্যের দাবি করা শাসকদের দেশেও ইসলামী প্রজাতন্ত্র ইরানের পতাকা শক্তিমত্তার সঙ্গে উড্ডীন হতে পারে, কুস্তিগিরেরা তা দেখিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

ক্রীড়া ও যুববিষয়ক মন্ত্রী আহমদ দোনিয়ামালি এই শিরোপাকে আন্তর্জাতিক কুস্তিতে ইরানের অবস্থানের আরেকটি প্রমাণ হিসেবে অভিহিত করেন। তরুণদের প্রতিযোগিতায় এমন সাফল্যের গুরুত্ব তুলে ধরে তিনি কুস্তিগির, কোচ, দলের কর্মকর্তারা এবং ইরানের কুস্তি ফেডারেশনকে অভিনন্দন জানান।

প্রতিযোগিতায় ৬৩ কেজি ওজনশ্রেণিতে এরফান জারকানি, ৮২ কেজিতে আবোলফজল মেহেদি এবং ৮৭ কেজিতে ইয়াসিন ইয়াজদি স্বর্ণপদক জেতেন। অন্যদিকে, ৬৭ কেজি বিভাগে মোহাম্মদ কামালি এবং ৯৭ কেজিতে মোহাম্মদ হাদি সেয়েদি ব্রোঞ্জপদক অর্জন করেন। তাঁদের সম্মিলিত সাফল্যেই অনূর্ধ্ব-২৩ গ্রিকো-রোমান কুস্তির বিশ্বমঞ্চে শিরোপা নিশ্চিত করে ইরান। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন