বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের আচরণকে ‘কালো অধ্যায়’ বললো ইরান

চলমান বিশ্বকাপে ইরান জাতীয় ফুটবল দলের প্রতি আয়োজকদের আচরণের তীব্র সমালোচনা করেছেন ইরানি ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হেদায়েত মোম্বেয়ানি।

স্কোয়াডের প্রতি করা এই আচরণকে তিনি বিশ্বকাপ ইতিহাসের একটি ‘কালো অধ্যায়’ (ডার্ক পয়েন্ট) হিসেবে অভিহিত করেছেন।

চলতি টুর্নামেন্টে ইরান ফুটবল দলের বেস ক্যাম্প বা মূল ঘাঁটি করা হয়েছে মেক্সিকোতে। আগামীকাল রবিবার (২১ জুন) লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে।

স্থানীয় সময় দুপুর ১২টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকায়, ইরান দল চেয়েছিল ম্যাচের দুদিন আগেই যুক্তরাষ্ট্রে পৌঁছাতে। কিন্তু ইরানি ফেডারেশনের দাবি, তাদের এই যুক্তিসঙ্গত অনুরোধ ফিরিয়ে দেওয়া হয়েছে।

টিজুয়ানায় দলের অনুশীলন ক্যাম্পে সাংবাদিকদের সাথে আলাপকালে মোম্বেয়ানি বলেন, “এটি একটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। আমাদের নিয়ম এবং পূর্ববর্তী চুক্তিগুলোর এমন লঙ্ঘন ফুটবল খেলাটাকেই প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে বলে আমি মনে করি।”

এদিকে ইরানের এই অভিযোগ খণ্ডন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস ফিফা টাস্ক ফোর্সের প্রধান অ্যান্ড্রু জিউলিয়ানি জানিয়েছেন, ইরানকে আগেই পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে, ম্যাচের মাত্র একদিন আগে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবে।