মাত্র ১৫ বছর বয়সেই রেকর্ডবুক কাঁপিয়ে দিয়েছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। লিস্ট ‘এ’ ক্রিকেটে মাত্র ১১ বলে ফিফটি করে গড়েছেন নতুন বিশ্বরেকর্ড, যা এই ফরম্যাটে দ্রুততম অর্ধশতক হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে।
ডাম্বুলায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ভারতের ‘এ’ দলের হয়ে খেলতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন এই বাঁহাতি ব্যাটার। লঙ্কান বোলিং আক্রমণকে একেবারে ছত্রভঙ্গ করে মাত্র ১১ বলের মধ্যে ১০ বলেই বাউন্ডারি হাঁকান তিনি, যার মধ্যে ছিল ৫টি ছক্কা। পুরো ইনিংসে তিনি মাত্র একটি ডট বল খেলেন।
দ্রুততম ফিফটির পর সেঞ্চুরির দিকেও এগোচ্ছিলেন বৈভব সূর্যবংশী। তবে শেষ পর্যন্ত ২৯ বলে ৯৪ রান করে থেমে যান তিনি, সাহান আরাচ্চিগের বলে মিড-অফে ক্যাচ তুলে দিয়ে আউট হন। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৮টি ছক্কা।
গ্রুপ পর্বে তেমন সফল না হলেও ফাইনালে এসে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই কিশোর ব্যাটার। সুপার ওভারসহ আগে কয়েকটি ম্যাচে খুব একটা রান না পেলেও এবার একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচে আচরণগত বিতর্কে জড়ালেও ব্যাট হাতে সেই সমালোচনার জবাবই যেন দিলেন সূর্যবংশী রেকর্ড গড়া ইনিংস দিয়ে।