উৎসবমুখর পরিবেশে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে গড়িয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ টুর্নামেন্ট। রোববার বিকেলে আকাশে বেলুন ও পায়রা উড়িয়ে এই জমকালো ক্রীড়া আয়োজনের আনুষ্ঠানিক সূচনা করেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান।
এই উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন জাতীয় দলের সাবেক দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও মোহাম্মদ রফিক। তাদের উপস্থিতি তরুণ ক্রিকেটার ও উপস্থিত গ্যালারির দর্শকদের মাঝে দারুণ উচ্ছ্বাস ও উদ্দীপনা তৈরি করে।
উদ্বোধনী পর্ব শেষেই টুর্নামেন্টের প্রথম খেলায় মাঠে নামে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। এই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়েই টুর্নামেন্টের মূল প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়।
আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি বুলবুল আহমেদ, বসুন্ধরা গ্রুপের মিডিয়া এডভাইজার আব্দুল বারী এবং টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভির উল ইসলাম। এছাড়াও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সমাগমে চারপাশ ছিল মুখরিত। আয়োজকরা আশা করছেন, পুরো টুর্নামেন্ট জুড়েই বিশ্ববিদ্যালয়গুলোর হাড্ডাহাড্ডি লড়াই দর্শকদের চমৎকার বিনোদন ও রোমাঞ্চ উপহার দেবে।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতেই মূলত এই আয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার মানসিকতা ও আন্তঃবিশ্ববিদ্যালয় সম্প্রীতি বাড়ানোই এবিজি স্পোর্টস সিটির মূল লক্ষ্য।