বেলিংহামের জোড়া গোলে এগিয়ে বিরতিতে ইংল্যান্ড

জুড বেলিংহামের দুই মিনিটের ব্যবধানে করা জোড়া গোলে মেক্সিকোর বিপক্ষে এগিয়ে যায় থ্রি লায়ন্সরা। 

বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হওয়া বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে দারুণ ছন্দে খেলছে ইংল্যান্ড। তবে প্রথমার্ধের শেষ দিকে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার আশা জাগিয়েছে স্বাগতিক মেক্সিকো।

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধে দুই দলের মধ্যে লড়াই ছিল সমানে সমান। 
তবে সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে এগিয়ে ছিল ইংল্যান্ড। ম্যাচের ৩৬তম মিনিটে দ্রুতগতির এক প্রতিআক্রমণ থেকে গোলের সূচনা করেন জুড বেলিংহাম।

আক্রমণটি শুরু হয়েছিল ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের কাছ থেকে। তার লম্বা পাস ধরে ডেকলান রাইস মাঝমাঠ পেরিয়ে বল বাড়িয়ে দেন ডান প্রান্তে থাকা বুকায়ো সাকার কাছে। 

সাকা বক্সের মধ্যে নিখুঁত একটি ক্রস পাঠান। বলটি হ্যারি কেইনকে অতিক্রম করে পৌঁছে যায় বেলিংহামের সামনে। দারুণ এক ডাইভিং হেডে বল জালে পাঠিয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন তিনি।

প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই আবারও বিপদে পড়ে মেক্সিকো। কিক-অফের পরপরই প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করে বল দখল করেন এলিয়ট অ্যান্ডারসন। 

এরপর বলটি হ্যারি কেইনের কাছে গেলে ইংল্যান্ড অধিনায়ক বক্সের ভেতরে থাকা বেলিংহামকে নিখুঁত পাস দেন। ডান পায়ের জোরালো শটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে দ্বিতীয় গোল করেন বেলিংহাম। 

মাত্র দুই মিনিটের ব্যবধানে করা এই দুই গোলে ইংল্যান্ড ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়।

তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় মেক্সিকো। ৪২তম মিনিটে হুলিয়ান কিনিয়োনেস গোল করে ব্যবধান কমান। তার গোলে গ্যালারিতে ফিরতে শুরু করে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাস, আর ম্যাচও নতুন করে জমে ওঠে।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। বাংলাদেশ সময় সকাল ৬টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও প্রবল বৃষ্টি ও বজ্রপাতের কারণে সেটি সম্ভব হয়নি। 

দিনভর মেক্সিকো সিটিতে ভারী বৃষ্টিপাত হয় এবং ম্যাচ ভেন্যু আজতেকা স্টেডিয়ামের আকাশে বজ্রপাতও দেখা যায়।

ফিফার নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইলের মধ্যে সর্বশেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট পার না হওয়া পর্যন্ত খেলা শুরু করা যায় না। সেই নিয়ম মেনেই ম্যাচটি এক ঘণ্টা বিলম্বে শুরু করা হয়।

বিলম্বে শুরু হলেও মাঠে নেমে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে দুই দল। প্রথমার্ধেই তিনটি গোল হওয়ায় দ্বিতীয়ার্ধে ম্যাচটি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠার আভাস মিলেছে।