ফিফা প্রধানকে লা লিগা সভাপতির তোপ

ফুটবল শিল্প ধ্বংস করছেন ইনফান্তিনো

২০৩০ সালে স্পেন, পর্তুগাল ও মরক্কোয় বসতে যাচ্ছে বিশ্বকাপের শতবর্ষী আসর। বিশেষ এই টুর্নামেন্টে দলের সংখ্যা বাড়িয়ে ৬৪ করার কথা ভাবছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

তবে ফুটবলের সর্বোচ্চ সংস্থার এমন উদ্যোগকে চরম ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।

ইতালীয় ক্রীড়া দৈনিক লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্ত-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর ক্ষোভ উগরে দেন তেবাস। 

লা লিগা প্রধানের মতে, ইনফান্তিনো এক দশক ধরে ফুটবলের প্রধান সংস্থায় থাকলেও বর্তমান শাসনব্যবস্থায় গুরুতর ত্রুটি রয়েছে এবং ফুটবলে তাঁর অধ্যায় শেষের পথে।

তেবাস সতর্ক করে বলেন, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য পুরো ফুটবল ইন্ডাস্ট্রিকে ধ্বংস করা হচ্ছে। ফুটবলের আসল চালিকাশক্তি ঘরোয়া লিগগুলো, যা বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করে। অথচ ফিফা কিছু ফুটবলারের টুর্নামেন্টকে প্রাধান্য দিতে গিয়ে ঘরোয়া ফুটবলকে ঝুঁকিতে ফেলছে।

ফিফা সভাপতি ইনফান্তিনো সম্প্রতি প্রকাশ্যে জানান যে ২০৩০ বিশ্বকাপে ৬৪ দল নিয়ে আলোচনার পরিকল্পনা চলছে। উল্লেখ্য, এই বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো হলেও শতবর্ষ উদযাপনে প্যারাগুয়ে, উরুগুয়ে ও আর্জেন্টিনাতেও একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

ব্যস্ত আন্তর্জাতিক সূচি ও অতিরিক্ত ম্যাচের চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তেবাস আন্তর্জাতিক ম্যাচ কমানোর দাবি জানান।

ঘরোয়া ফুটবল কাঠামোর সুরক্ষা না দিয়ে ফিফার একের পর এক এমন সিদ্ধান্ত নেওয়াকে তিনি ফুটবলের ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ মনে করেন।

সংবাদ সূত্র: ইতালিয়ান ক্রীড়া দৈনিক লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্ত (La Gazzetta dello Sport)-এ প্রকাশিত হাভিয়ের তেবাসের সাক্ষাৎকার।