আসলেই কি ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ইয়ামাল

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৭:১৯ পিএম

বিশ্বকাপ ফাইনালের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল করমর্দন করেননি, এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও প্রকাশিত স্থিরচিত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য বলছে, বাস্তবে তাদের মধ্যে করমর্দন হয়েছিল।

সোমবার (২০ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।

ফাইনাল ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তিনি অংশ নেন এবং বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলের খেলোয়াড়দের হাতে পদক তুলে দেন।

সেই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটির একটি অংশ দেখে অনেক ব্যবহারকারী দাবি করেন, লামিনে ইয়ামাল ট্রাম্পের কাছ থেকে পদক গ্রহণ করলেও তার সঙ্গে করমর্দন না করেই সামনে এগিয়ে যান।

তবে পরবর্তীতে প্রকাশিত একাধিক স্থিরচিত্রে দেখা যায়, পদক গ্রহণের সময় ট্রাম্প ও ইয়ামালের মধ্যে করমর্দন হয়েছে। রয়টার্স কানেক্টের প্রকাশিত একটি ছবিতে স্পষ্টভাবে দেখা যায়, ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়ে পদক গ্রহণ করছেন ইয়ামাল। এ সময় তাদের পাশে ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পদক গ্রহণের সময় ইয়ামালকে মাথা নেড়ে কৃতজ্ঞতা প্রকাশ করতেও দেখা যায়।

Yamal_1784551884

এর ফলে ভাইরাল ভিডিও থেকে তৈরি হওয়া ধারণার সঙ্গে বাস্তব ঘটনার মিল পাওয়া যায়নি।

এই বিশ্বকাপ ব্যক্তিগতভাবেও স্মরণীয় হয়ে থাকবে ১৯ বছর বয়সী লামিনে ইয়ামালের জন্য। অভিষেক বিশ্বকাপেই তিনি বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। পুরো টুর্নামেন্টে একটি গোল করলেও স্পেনের আক্রমণভাগে তার গতি, সৃজনশীলতা ও ধারাবাহিক পারফরম্যান্স ছিল দলের অন্যতম শক্তি।

ক্লাব ফুটবলেও সময়টা দারুণ কাটছে বার্সেলোনার এই উইঙ্গারের। ২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগা জয়ের পর জাতীয় দলের হয়ে বিশ্বকাপও জিতেছেন তিনি। অল্প বয়সেই ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে সাফল্য পাওয়ায় ভবিষ্যতের অন্যতম সেরা ফুটবলার হিসেবে তাকে ঘিরে প্রত্যাশা আরও বেড়েছে।

বিশ্বকাপ জয়ের পর ২০২৬ সালের ব্যালন ডি’অর নিয়েও আলোচনা শুরু হয়েছে। ইউরোপীয় ফুটবলে সফল মৌসুম এবং বিশ্বকাপ জয়ের কারণে ইয়ামালকে সম্ভাব্য দাবিদারদের একজন হিসেবে দেখা হচ্ছে। তবে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা স্পেনের মিডফিল্ডার রদ্রিকেও এবারের ব্যালন ডি’অর লড়াইয়ে শক্ত অবস্থানে রয়েছেন বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।

AS
আরও পড়ুন