দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার পরিণতি পেল বিয়েতে। পর্তুগালের ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ৪১ বছর বয়সে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁর জীবনসঙ্গী হয়েছেন দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ।
পর্তুগালের সৈকত শহর কাসকাইসে ঘরোয়া ও পারিবারিক আয়োজনে জর্জিনাকে বিয়ে করেন রোনালদো। বাগদানের ঘোষণা দেওয়ার এক বছর পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন এই তারকা জুটি।
রোনালদোর প্রতিনিধিরা তাঁর বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এর মাধ্যমে প্রায় এক দশকের প্রেমের সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করল। রোনালদোর জনসংযোগের দায়িত্বে থাকা ব্রান্সউইক গ্রুপ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, একেবারেই ব্যক্তিগত ও ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত বিয়েতে দম্পতির পাঁচ সন্তান উপস্থিত ছিল।
বাংলাদেশ সময় গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ইঙ্গিতপূর্ণ ছবি প্রকাশ করেন রোনালদো। ছবিতে দেখা যায়, জর্জিনার হাতের ওপর রাখা রোনালদোর হাত এবং দুজনের অনামিকায় বিয়ের আংটি। ছবির ক্যাপশনে ‘সি’ ও ‘জি’ অক্ষরের মাঝখানে ভালোবাসার একটি ইমোজি ব্যবহার করেন তিনি। এরপরই ভক্তদের কাছে বিয়ের বিষয়টি স্পষ্ট হয়ে যায়।
ঠিক এক বছর আগে, গত বছরের ১১ আগস্ট জর্জিনা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে তাঁর বাগদানের খবর জানিয়েছিলেন। সেই ছবিতে রোনালদোর হাতের ওপর নিজের হাত রেখে অনামিকায় বড় একটি আংটি দেখিয়েছিলেন তিনি। এক বছর পর সেই দৃশ্য যেন বদলে গেল—এবার জর্জিনার হাতের ওপর রোনালদোর হাত। দীর্ঘদিনের সম্পর্ক এখন আইনগতভাবে স্বামী-স্ত্রীর বন্ধনে পরিণত হয়েছে।
৩২ বছর বয়সী জর্জিনার জন্ম আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে। ২০১৬ সালে মাদ্রিদে গুচির একটি শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করার সময় রোনালদোর সঙ্গে তাঁর পরিচয় হয়। সেখান থেকেই শুরু হয় তাঁদের সম্পর্ক। জর্জিনার ভাষায়, সেটি ছিল ‘প্রথম দেখাতেই প্রেম’।
২০২৫ সালে ‘ভোগ অ্যারাবিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জিনা জানিয়েছিলেন, রোনালদোর সঙ্গে পরিচয়ের পর তাঁর মনে হয়েছিল, তাঁরা যেন একে অপরকে বহু বছর ধরে চেনেন। ২০১৭ সালের জানুয়ারিতে ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে প্রথমবারের মতো দুজনকে একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়। ওই বছরের মে মাসে জর্জিনার সঙ্গে সম্পর্কের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানান রোনালদো।
রোনালদোর প্রথম সন্তান ক্রিস্টিয়ানো জুনিয়র। ২০১০ সালে জন্ম নেওয়া এই সন্তানের মায়ের পরিচয় কখনো প্রকাশ করেননি পর্তুগিজ তারকা। ২০১৭ সালের জুনে সারোগেসির মাধ্যমে যমজ সন্তান ইভা মারিয়া ও মাতেওর বাবা হন রোনালদো। একই বছরের নভেম্বরে জর্জিনার কোলজুড়ে আসে তাঁদের মেয়ে অ্যালানা মার্টিনা।
২০২২ সালে জর্জিনার গর্ভে যমজ সন্তান জন্ম নেয়। তাঁদের একজন বেলা এবং অন্যজন অ্যাঞ্জেল। তবে জন্মের কিছুক্ষণ পরই মারা যায় অ্যাঞ্জেল। এরপর থেকে সন্তানদের নিয়ে তাঁদের পারিবারিক জীবনের নানা মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রোনালদো ও জর্জিনা।