পরিবার নিয়ে নিজ দেশে স্থায়ীভাবে বসবাসের প্রস্তুতি নিচ্ছেন রোনালদো

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড ও অর্জনে নিজের নাম ইতিহাসের পাতায় লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এবার আলোচনায় তার ব্যক্তিগত জীবনের বড় এক সিদ্ধান্ত।

সৌদি আরবের অধ্যায় পেছনে ফেলে পরিবার নিয়ে নিজ দেশ পর্তুগালে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন ৪১ বছর বয়সি এই মহাতারকা। এতে তার ফুটবল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

পর্তুগিজ সাময়িকী ‘টিভি সেভেন দিয়াস’-এর প্রতিবেদন অনুযায়ী, স্ত্রী জর্জিনা রদ্রিগেজ ও পাঁচ সন্তানকে নিয়ে পর্তুগালের কাসকাইসে নিজেদের বিলাসবহুল বাড়িতে স্থায়ীভাবে বসবাসের প্রস্তুতি নিচ্ছেন রোনালদো। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ২০২৭ সালের জুলাইয়ে এই স্থানান্তর হতে পারে। সন্তানদের পড়াশোনা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় নিয়েও ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কাসকাইসের মনোরম উপকূলীয় এলাকায় অবস্থিত রোনালদোর এই বিলাসবহুল প্রাসাদ নির্মাণে সময় লেগেছে প্রায় তিন বছর। বাড়িটির আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৮৩ কোটি টাকা।

আটটি শয়নকক্ষের এই বাড়িতে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা। প্রতিটি শয়নকক্ষের সঙ্গে রয়েছে ব্যক্তিগত গোসলখানা। পাশাপাশি আছে দুটি সুইমিংপুল, আধুনিক ব্যায়ামাগার, ব্যক্তিগত সিনেমা হল এবং সরাসরি সমুদ্রসৈকতে যাওয়ার ব্যবস্থা।

বাড়িটির অন্দরসজ্জাতেও রয়েছে আভিজাত্যের ছাপ। পুরো বাড়িতে ব্যবহার করা হয়েছে ইতালীয় মার্বেল পাথর। এছাড়া রয়েছে মাটির নিচে তৈরি গোপন সুড়ঙ্গ এবং লুই ভিতোঁর নকশায় অনুপ্রাণিত বিশেষ দেয়ালচিত্র।

শুধু ‘টিভি সেভেন দিয়াস’ নয়, ‘হাইপার এফএম’ ও ‘এক্সক্লুসিভ’-এর প্রতিবেদনেও রোনালদোর পর্তুগালে ফিরে যাওয়ার সম্ভাবনার কথা উঠে এসেছে। সবকিছু মিলিয়ে ধারণা করা হচ্ছে, পেশাদার ফুটবল থেকে অবসরের পর পরিবার নিয়ে এই বাড়িতেই স্থায়ী ঠিকানা গড়তে পারেন পর্তুগিজ তারকা।

গত ৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রোনালদো। তবে ক্লাব ফুটবলে এখনো আল নাসরের হয়ে খেলছেন তিনি। ফলে পর্তুগালে স্থায়ী হওয়ার এই পরিকল্পনাকে অনেকেই তার বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায়ের প্রস্তুতি হিসেবে দেখছেন।

তবে এখনো ক্লাব ফুটবল থেকে অবসরের বিষয়ে রোনালদোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এএইচএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত