মেসিকে দেখতে না পাওয়া ৩৩ হাজার দর্শক পাবেন টাকা ফেরত

ভারতের কলকাতায় লিওনেল মেসির সফর ঘিরে গত বছরের ডিসেম্বরে তৈরি হওয়া বিশৃঙ্খলার ঘটনায় ক্ষতিগ্রস্ত দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মেসিকে ঠিকমতো দেখতে না পাওয়া ৩৩ হাজার দর্শকের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

গত বছরের ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলার কারণে ভেস্তে যায় মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর’ আয়োজন। মাঠে কর্মকর্তা ও অতিথিদের ভিড়ে দর্শকেরা মেসিকে ঠিকমতো দেখতে পারেননি। স্টেডিয়ামে প্রায় ২০ মিনিট থাকার পরই সেখান থেকে বেরিয়ে যেতে হয় আর্জেন্টাইন তারকাকে।

মেসিকে দেখতে না পেরে ক্ষুব্ধ দর্শকদের একাংশ পরে স্টেডিয়ামে ভাঙচুর চালান। সেদিন থেকেই টিকিটের টাকা ফেরতের দাবি জানিয়ে আসছিলেন দর্শকেরা।

শনিবার (২৯ আগস্ট) ভারতের জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, ‘মেসির বিপুল ভক্ত রয়েছে। তারা ৪ হাজার ও ৬ হাজার রুপি দিয়ে টিকিট কিনেছিলেন। আমার ইচ্ছা, এই ৩৩ হাজার ক্রীড়াপ্রেমীর দেওয়া টাকা যেন ফেরত দেওয়া হয়। এ নিয়ে আমি ইতিমধ্যে অভ্যন্তরীণভাবে প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি, আমি এটা করতে পারবো।’

ঘটনার জেরে তৎকালীন রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে পদত্যাগ করতে হয়েছিল। বিধাননগর নগর পুলিশের ডেপুটি কমিশনার অনীশ কুমারকেও বরখাস্ত করা হয়। অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তের বিরুদ্ধেও অব্যবস্থাপনার অভিযোগ ওঠে এবং তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। টানা ৩৮ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি।

কারাগার থেকে বেরিয়ে তৎকালীন রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন শতদ্রু দত্ত। তার অভিযোগ, সেদিনের বিশৃঙ্খলার জন্য আয়োজকেরা দায়ী ছিলেন না; বরং তৎকালীন ক্রীড়ামন্ত্রী ও ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারাই সরাসরি দায়ী ছিলেন।