বাংলাদেশের ফুটবলারদের জন্য খুলছে জাপানের দুয়ার

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম

বাংলাদেশের ফুটবলের তৃণমূল পর্যায়ের উন্নয়ন, খেলোয়াড় তৈরি ও কোচিং ব্যবস্থার আধুনিকায়নে জাপানের পেশাদার ফুটবল ক্লাব এফসি ইমাবারির সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রস্তাবিত এই চুক্তির অংশ হিসেবে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি পরিদর্শন করেছেন জাপানের মিতসুবিশি করপোরেশনের দুই প্রতিনিধি। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জানুয়ারির শেষদিকে চুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে এফসি ইমাবারির পক্ষে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি ও স্থানীয় বিভিন্ন অবকাঠামোগত সুযোগ-সুবিধা পরিদর্শন করেন মিতসুবিশি করপোরেশনের কোহেই এন্দো ও হিরোশি উয়েগাকি। কোহেই এন্দো প্রতিষ্ঠানটির পরিকল্পনা দলের সাসটেইনেবিলিটি বিভাগের সদস্য। অন্যদিকে হিরোশি উয়েগাকি বাংলাদেশে মিতসুবিশি করপোরেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রস্তাবিত ত্রিপক্ষীয় চুক্তিতে বাফুফে, জাপানের ক্লাব এফসি ইমাবারি ও শামসুল হুদা ফুটবল একাডেমি যুক্ত থাকবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশ, প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ, খেলোয়াড় ও কোচদের দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের মধ্যে খেলোয়াড় আদান-প্রদানের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে সংশ্লিষ্ট প্রতিনিধিরা জানান, রোববারের পরিদর্শনের অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী সময়ে একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। তাদের আশা, ২০২৭ সালের জানুয়ারির শেষ দিকে চুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।

চুক্তিটি বাস্তবায়িত হলে এফসি ইমাবারির সহযোগিতায় উন্নত প্রশিক্ষণ ও কোচিং ব্যবস্থা চালু, প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তাদের বিকাশে কার্যকর কর্মসূচি নেয়া সম্ভব হবে। পাশাপাশি খেলোয়াড় বিনিময় কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের ফুটবলারদের জাপানের পেশাদার ফুটবলের পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হতে পারে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মিতসুবিশি করপোরেশনের বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিরোশি উয়েগাকি, বাফুফের সিনিয়র গ্রাসরুট ম্যানেজার হাসান মাহমুদ, সহকারী মার্কেটিং ম্যানেজার রবিউল ইসলাম, শামসুল হুদা ফুটবল একাডেমির পরিচালক (প্রশাসন) শামসুল বারী শিমুল এবং যুগ্ম পরিচালক মাসুদুর রহমান টনি।

জেএম
আরও পড়ুন