রেকর্ড ট্রান্সফার ফিতে ম্যান সিটিতে যাচ্ছেন এনজো ফার্নান্দেজ

চেলসি ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তাকে দলে ভেড়াতে ১২ কোটি ৫০ লাখ পাউন্ড খরচ করতে রাজি হয়েছে ম্যানচেস্টার সিটি, যা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৭৪ কোটি টাকার বেশি। এই অঙ্ক ব্রিটিশ ক্লাব ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড স্পর্শ করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দুই ক্লাবের মধ্যে দীর্ঘ আলোচনার পর এনজোর দলবদল নিয়ে সমঝোতা হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শিগগিরই মেডিকেল পরীক্ষায় অংশ নিয়ে সিটির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করবেন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার। ব্যক্তিগত শর্ত নিয়েও কোনো জটিলতা নেই বলে জানা গেছে।

২০২৩ সালে বেনফিকা থেকে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে এনজোকে দলে নিয়েছিল চেলসি। সেই সময় তার ট্রান্সফার ফি ছিল ব্রিটিশ ফুটবলের রেকর্ড। এবার সেই অঙ্ক ছাড়িয়ে গিয়ে ১২ কোটি ৫০ লাখ পাউন্ডের চুক্তিতে তিনি সিটিতে যাচ্ছেন। একই অঙ্কে গত গ্রীষ্মে আলেকসান্দার ইসাককে নিউক্যাসল থেকে লিভারপুলে নেওয়া হয়েছিল।

সিটিতে এনজোকে ফের পাচ্ছেন কোচ এনজো মারেস্কা। চেলসিতে তার অধীনেই খেলেছেন আর্জেন্টাইন এই তারকা। চলতি গ্রীষ্মে একাধিক মিডফিল্ডার হারানোয় মাঝমাঠ শক্তিশালী করতে পুরোনো শিষ্যকে দলে নিতে আগ্রহী ছিলেন মারেস্কা।

চেলসির সর্বশেষ দুই ম্যাচে এনজোকে দেখা যায়নি। কারাবাও কাপে লুটন টাউনের বিপক্ষে ম্যাচে স্কোয়াডে ছিলেন না তিনি। এরপর ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ৪-৩ গোলের জয়ের ম্যাচেও মাঠে নামেননি। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের দাবি, ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে নিজেই স্কোয়াডের বাইরে থাকার অনুরোধ করেছিলেন এনজো।

এবারের দলবদলে নিজেদের ট্রান্সফার ফির রেকর্ড দ্বিতীয়বারের মতো ভাঙছে ম্যানচেস্টার সিটি। এর আগে নটিংহ্যাম ফরেস্ট থেকে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে এলিয়ট অ্যান্ডারসনকে দলে নিয়েছিল তারা।

চলতি গ্রীষ্মে সিটি একাধিক মিডফিল্ডার হারিয়েছে। টিজানি রাইন্ডার্স, রদ্রি, নিকো গঞ্জালেজ ও বার্নার্দো সিলভা দল ছেড়েছেন। পাশাপাশি সাভিনিয়োকেও ৭ কোটি ৫০ লাখ পাউন্ডে টটেনহ্যামে বিক্রি করেছে ক্লাবটি।

অন্যদিকে স্কোয়াড শক্তিশালী করতে ৮ কোটি ৬০ লাখ পাউন্ডে আইয়ুব বুয়াদ্দি এবং ৩ কোটি ৪০ লাখ পাউন্ডে অ্যালান এলিয়াসকে দলে নিয়েছে সিটি। এভারটনের সেনেগালিজ উইঙ্গার ইলিমান এনদিয়ায়ে যোগ দিলে দলবদলে তাদের খরচ আরও বাড়তে পারে। তার জন্য সর্বোচ্চ ৬ কোটি ৫০ লাখ পাউন্ড খরচ হতে পারে বলে জানিয়েছে বিবিসি।