আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে বিশেষ জার্সি পরবেন মেসি

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। ৬ অক্টোবর বাংলাদেশ সময় রাতে ফুরাবে সেই অপেক্ষার পালা। ফুটবলপ্রেমীদের ভাবনায় তাই মেসি এবং বেনিনের বিপক্ষে আর্জেন্টিনা দলের হয়ে তার শেষ ম্যাচ। মেসি এই ম্যাচ সামনে রেখেই ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন নতুন এক ভিডিও। 

ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেন আর্জেন্টাইন কিংবদন্তি। সেখানে দেখা যায় সোফার ওপর আর্জেন্টিনার পতাকার রঙে বানানো এক জোড়া বুট রাখছেন মেসি। ডান পাশে হ্যাঙ্গারে ঝোলানো আর্জেন্টিনা দলে তার ১০ নম্বর জার্সি। সেটি সরিয়ে সেই জায়গায় নতুন একটি জার্সি রাখেন মেসি। নতুন ১০ নম্বর জার্সিটি মেসিরই, তবে দেখতে একটু অন্য রকম। ক্যাপশনে লেখা, ‘শেষ ম্যাচ...আজীবনের স্মারক জার্সি। শেষ লড়াই...আজীবনের জন্য স্মারক এক পোশাক।’

আসল কথা হলো, এটাই আর্জেন্টিনা জাতীয় দলে মেসির শেষ ম্যাচের জার্সি। জাতীয় দলে কিংবদন্তির শেষ ম্যাচ বলেই জার্সিটি বিশেষভাবে বানানো হয়েছে। মেসির এই পোস্টে করতালির ইমো লিখে মন্তব্য করেন তার একসময়ের বার্সেলোনা সতীর্থ ও বন্ধু নেইমার। আর্জেন্টিনার ফর্মুলা ওয়ান চালক ফ্রাঙ্কো কোলাপিন্তো মন্তব্য করেন সবার আগে, ‘যদি কখনো না যেতেন। আপনাকে ভীষণ মিস করব।’

আর্জেন্টিনার এই জার্সির নকশায় থাকছে ভিন্ন ছোঁয়া। মূল রং হিসেবে হালকা নীল, যার ঠিক মাঝখান দিয়ে লম্বালম্বিভাবে নেমে গেছে সাদা স্ট্রাইপ। জার্সির পেছনের অংশেও লেগেছে পরিবর্তনের ছোঁয়া। খেলোয়াড়দের নাম এবং নম্বর লেখা সোনালি রঙে, বিশেষ শৈলীতে ফুটিয়ে তোলা হয়েছে ‘সান অব মে।’

অধিনায়কের বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিশেষ নকশার এই জার্সি বেছে নেওয়া হয়েছে। ফিফা আন্তর্জাতিক বিরতিতে মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনা দলকে বিদায় জানাবেন মেসি। তার আগে ৩০ সেপ্টেম্বর কর্ডোভায় বলিভিয়া এবং ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল।

মেসির বিদায়ী ম্যাচে টিকিটের দাম প্রকাশ করেছে এএফএ। টিকিটের ক্যাটাগরিভেদে এগুলোর মূল্য ধরা হয়েছে ৫২ থেকে ২৭৮ ইউরো পর্যন্ত। ফরাসি ওয়েবসাইট ‘ফুট মেরকাতো’র প্রতিবেদন অনুযায়ী, সংস্থাটির অফিশিয়াল ওয়েবসাইটে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। টিকিটের দাম ক্যাটাগরিভেদে ভিন্ন- ১০৪, ১৮৫ এবং ২৬০ ইউরো মূল্যে পাওয়া যাচ্ছে। শিশুদের জন্য মেসির বিদায়ী ম্যাচের টিকিট মিলছে মাত্র ১৭ ইউরোতে।