ভারতের কাছে ২ রানে হারলো জাপান 

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

ভারতকে ভয় ধরিয়ে দিয়েছিল জাপান। কিন্তু শেষ পর্যন্ত জাপানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৫ ওভারের ম্যাচে ৩৩ রানের লক্ষ্য দিয়েও ২ রানে জিতেছে ভারতীয় ক্রিকেট দল। ৩৩ রানের লক্ষ্যে ছুঁতে নেমে জাপান ৩ উইকেট হারিয়ে তুলতে পেরেছে ৩০ রান। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এটা ভারতের ২০০তম জয়, এই প্রথম কোনো দল ২০০টি ম্যাচ জিতলো।

জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টিতে ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ নেমে আসে ৫ ওভারে। এই ম্যাচে প্রথম বল থেকেই উইকেটে স্পিনাররা বড় টার্ন পেয়েছেন। ম্যাচে পুরো ১০ ওভারই করেছেন স্পিনাররাই। আউটফিল্ড ছিল ধীরগতির। সে কারণেই ভারতের ৩২ রানও জাপানের সামনে বড়ই মনে হচ্ছিলো। তবে ভারতের বোলিংয়ে ইনিংসের তৃতীয় ওভারে রবি বিষ্ণোই ১০ রান খরচ করার পর জাপান আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল। শেষ ২ ওভারে তাদের দরকার ছিল ১৬ রান। একপর্যায়ে সমীকরণ নেমে আসে ৮ বলে ৮ রানে। তবে ওয়াশিংটন সুন্দর আর অক্ষর প্যাটেলের সামনে সেটাও নিতে পারেনি জাপান।

এর আগে বল হাতে জাপান যেটা করেছে, সেটা হয়তো কেউই ভাবেনি। ইনিংসের প্রথম বল থেকে জাপানের বোলাররা ভালো বোলিং করেন। জাপানের অধিনায়ক কেনডেল কাদাওয়াকি-ফ্লেমিং তিনজন স্পিনারকে দিয়ে বোলিং করান। এই স্পিনারদের সামনেই ধাক্কা খেয়েছে ভারত। অভিষেক আউট হয়েছেন প্রথম বলে, চার্লি হারা হিঞ্জের বলে। সর্বশেষ দুই টি-টুয়েন্টিতে ফিফটি পাওয়া সঞ্জু স্যামসন আউট হয়েছেন ৭ বলে ৯ রান করে। তিনি আউট হন ইব্রাহিম তাকাহাসির বলে। ভারত যে ৩২ রান করতে পেরেছে সেটা অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ১২ বলে ১৬ রানের ইনিংসে।

কেন জাপানের সঙ্গে খেলল ভারত
মূলত ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এই ম্যাচটি। এর লক্ষ্য খেলাধুলার মাধ্যমে দুই দেশের সম্পর্ক এবং মানুষে মানুষে যোগাযোগ আরও শক্তিশালী করা। এই ম্যাচের মাধ্যমে জাপানের কন্ডিশনের সঙ্গে কিছুটা মানিয়ে নিতে পেরেছে ভারত।

এশিয়ান গেমসের বর্তমান আসর (২০তম) হচ্ছে জাপানে। গেমসে ক্রিকেট শুরু হয়েছে ১৯ সেপ্টেম্বর। ভারত সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠায় গ্রুপ পর্বে খেলতে হচ্ছে না। ভারত কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে আগামী ২৮ সেপ্টেম্বর, প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।

 

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত